ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,  ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ভালুকায় ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নির্বাচনে দলীয় পরিচয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না: মীর শাহে আলম দিনের ভোট রাতে হবে না, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে সরকার বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক, দারিদ্র্যে হিমশিম খাচ্ছে আফগান পরিবার কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে এক দলে তিন বাংলাদেশি ক্রিকেটার ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তায় ২ লাখ আনসার-ভিডিপি সদস্য বগুড়াকে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে হামলাকারী যুবক নিহত

দুর্গাপূজার নিরাপত্তায় ডিজিটাল নজরদারিতে নতুন দৃষ্টান্ত

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তায় ২ লাখ আনসার-ভিডিপি সদস্য


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৫৭ পিএম

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সারাদেশের ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার ৮১৮ জন সদস্য মোতায়েন করে সমন্বিত নিরাপত্তাব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রযুক্তিনির্ভর নজরদারি, ডিজিটাল অ্যাপের ব্যবহার, দ্রুত সাড়াদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কাজ করেছেন বাহিনীর সদস্যরা।


২২ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের সুরক্ষা এবং অপরাধ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও তদারকিতে সদর দপ্তর থেকে মাঠপর্যায় পর্যন্ত সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়।


এ বছর সারাদেশের ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করেন ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা। ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তাও নিজস্ব পর্যবেক্ষণব্যবস্থার আওতায় রাখা হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমের ৬২৪ জন সদস্যকে প্রস্তুত রাখা হয়। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া নিরাপত্তা কার্যক্রম ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত ছিল। প্রতিমা বিসর্জন-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।


বাহিনীর সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ১৩১টি ঘটনায় প্রতিরোধমূলক ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিমা ভাঙার চেষ্টা ও ভাঙচুর প্রতিরোধের ২০টি, বিবাদমান সমস্যা সমাধানের ৩৬টি, অগ্নিসংযোগ প্রতিরোধের দুটি এবং মাদকসংক্রান্ত ১৩টি ঘটনা রয়েছে। এ ছাড়া ২৪টি পৃথক ঘটনায় ৪৯ জন দুষ্কৃতিকারীকে আটক, ১৫টি শিশুকে উদ্ধার এবং চুরির অপরাধে ছয়জনকে আটক করা হয়। মূল্যবান সামগ্রী উদ্ধারের ১৫টি ঘটনা এবং বিবিধ সমস্যা-সংক্রান্ত আরও নয়টি ঘটনা নথিভুক্ত হয়েছে।


তবে দায়িত্ব পালনকালে বিভিন্ন ঘটনায় চারজন আনসার-ভিডিপি সদস্য মৃত্যুবরণ করেন এবং ১৭ জন আহত ও অসুস্থ হন। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করে মহাপরিচালক সাধারণ মানুষের অংশগ্রহণ, পূজা উদযাপন কমিটির সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত ভূমিকার প্রশংসা করেন।


২০ অক্টোবর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “ক্ষমতাকেন্দ্রিক মানসিকতার পরিবর্তে জনসেবা, জবাবদিহি ও জনসম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করার এই সংস্কৃতি আরও সুদৃঢ় করতে হবে।” একই অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী সদস্যদের আত্মত্যাগকে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।


নিরাপত্তাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারও ছিল উল্লেখযোগ্য। সদস্য নির্বাচন, মোতায়েন ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় এভিএমআইএস এবং এসটিডিএমএস সফটওয়্যার ব্যবহার করা হয়। পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে ডিজিটাল নজরদারি জোরদার করা হয়। এ অ্যাপ ব্যবহার করে ৬৬ হাজার ৩৩০ জন নারী আনসার-ভিডিপি সদস্য দিন-রাত দায়িত্ব পালন করেন। নিজ নিজ পূজামণ্ডপে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে তাঁরা তাৎক্ষণিকভাবে অ্যাপে তথ্য জানান। এতে পুলিশ, স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন কমিটি, এসআরবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হয়।


বাহিনীর কর্মকর্তাদের মতে, প্রযুক্তিনির্ভর নজরদারি, স্বচ্ছভাবে সদস্য নির্বাচন, সুশৃঙ্খল মোতায়েন এবং দ্রুত সাড়াদানের এ অভিজ্ঞতা ভবিষ্যতে নির্বাচনসহ বড় জনসমাগমপূর্ণ আয়োজনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসম্পৃক্ততা, জবাবদিহি ও মানবিক সেবাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ কার্যক্রম দেশের জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নতুন অভিজ্ঞতা তৈরি করেছে।


এ সম্পর্কিত আরো খবর