ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান অভিযুক্ত আটক

চিপসের লোভ দেখিয়ে ধর্ষণ ও মুখ থেঁতলে হত্যাচেষ্টা


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৯:০১ পিএম

টাঙ্গাইলে চিপস দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর ইট দিয়ে মুখ থেঁতলে হত্যার চেষ্টার শিকার হওয়া সাড়ে ছয় বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে এই পৈশাচিক ঘটনার পরপরই শিশুটির মায়ের করা মামলার প্রধান অভিযুক্ত বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) ইত্তেফাক ডিজিটাল রিপোর্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে জানানো হয়, রোববার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রত্যক্ষ নির্দেশনায় একটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে শনিবার রাতে ঘটনার বীভৎসতা সম্পর্কে জানতে পেরে প্রতিমন্ত্রী নিজে হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে আসেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসার সম্পূর্ণ আর্থিক ব্যয়ভার নিজ কাঁধে নেওয়ার আশ্বাস দেন।


এদিকে ঘটনার দ্রুত পদক্ষেপ হিসেবে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার এলাকা থেকে মামলার অভিযুক্ত আসামি বিপ্লবকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নির্জনে ডেকে নিয়ে যান বিপ্লব। পরবর্তীতে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটির ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটি জোরালো বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তার মুখ ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার চেষ্টা করেন অভিযুক্ত।



পরবর্তীতে একজন মানবিক রিকশাচালক গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।


এ সম্পর্কিত আরো খবর