রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকে হঠাৎ করেই ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। চালকদের কর্মবিরতি ও অন্যান্য রিকশা চলাচলে বাধার কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে আকস্মিক এই পরিবহন সংকটে বিশেষ করে শিক্ষার্থী ও চাকরিজীবীরা চরম দুর্ভোগে পড়েন; বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। বিআরটিএ-র মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশের অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
চালকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বিআরটিএ-র মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়া এবং শহরের সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করা। মূলত সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ জারির পর থেকেই চালকদের মধ্যে নতুন করে উদ্বেগ ও অসন্তোষ দেখা দেয়। নতুন এই বিধিমালা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি নির্দিষ্ট জোন নির্ধারণ, গতিসীমা নিয়ন্ত্রণ এবং জাতীয় মহাসড়ক ও প্রধান প্রধান সড়কে রিকশা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে।