পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এই নাশকতা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা সে সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংকের কার্যালয়ে হামলা চালায়।
গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে দুর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় এবং থাইগ্লাসগুলো ভাঙচুর করে। চলে যাওয়ার সময় তারা অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
এ সময় ভেতরে অবস্থানরত নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে আশেপাশের বাসার মালিক, ব্যাংকের অন্যান্য স্টাফ ও স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ার মতো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ রাতেই টহল টিম পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সকালে পুলিশ সদস্যরা গিয়ে আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।