ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিন পরিবর্তন রাজধানীজুড়ে ডিএমপির কড়া চেকপোস্ট: বাড়ানো হয়েছে টহল ও নজরদারি বৈশ্বিক জলবায়ু মঞ্চে বাংলাদেশ: আন্তালিয়ায় বিশ্বনেতাদের সম্মিলনে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলন মানেই চরম ভণ্ডামি আর লুটেরাদের ভিড়: গ্রেটা থুনবার্গ রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর ও শাখা প্রতি শিক্ষার্থী ৫৫ জন নির্দিষ্ট দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

নেত্রকোণায় ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৪৪ পিএম

নেত্রকোণা প্রতিনিধি 

শিক্ষার আলো ছড়ানোর পবিত্র দায়িত্ব যার কাঁধে অর্পিত ছিল, তিনিই হয়ে উঠেছিলেন এক নিষ্পাপ শিশুর জীবনে চরম আতঙ্কের প্রতীক। মাদরাসার চারদেয়ালে ঘটে যাওয়া এক অমানবিক ও পৈশাচিক ঘটনার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে ন্যায়বিচার পেল ভুক্তভোগী পরিবার। ডিএনএ পরীক্ষার অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ এবং আইনি লড়াই শেষে শিক্ষকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করে ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত সেই মামলায় অভিযুক্ত শিক্ষককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। অপরাধের উপযুক্ত এই শাস্তি সমাজে অপরাধপ্রবণতা রোধে এক কঠোর বার্তা দিল।


নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার আলোচিত এই মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এই ঐতিহাসিক ও চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।


মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।


মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়। আইনি প্রক্রিয়া চলাকালীন গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডির একটি দল ভুক্তভোগীর নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সাথে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে।


ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইনস্পেক্টর মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।


এদিকে এর আগে গত গত ২৮ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজকের দিনে (১১ নভেম্বর) রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। বিচারিক কার্যক্রমের শেষ পর্যায়ে যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন। নৃশংস এই অপরাধের বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবার। আদালতের এমন কঠোর রায় সমাজে এ ধরনের অপরাধের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ সম্পর্কিত আরো খবর