ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৫৯ পিএম

সন্দেহভাজন এক চীনা ‘গুপ্তচর’ ও ব্যবসায়ীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের বিতর্ক সামাল দিতে না দিতেই নতুন করে আরেক কেলেঙ্কারিতে জড়ালেন বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। এবার তাঁর নিজ প্রতিষ্ঠানেরই এক ঊর্ধ্বতন নারী কর্মকর্তার সঙ্গে পরকীয়া প্রেমের তথ্য ফাঁস হয়েছে, যা সিলিকন ভ্যালিসহ আন্তর্জাতিক কর্পোরেট অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।


গত বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত মার্কিন দৈনিক দ্য নিউয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে নিউয়র্ক টাইমসকে জানিয়েছেন, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বা হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। কোম্পানির প্রশাসনিক পদক্রম অনুসারে, কিম্বার্লি সরাসরি জেনসেন হুয়াংয়ের অধীনে কাজ করেন।

এনভিডিয়ার অভ্যন্তরীণ মহলেও জেনসেন ও কিম্বার্লির এই ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন ও আলোচনা চলছিল। প্রতিষ্ঠানটির দুজন সাবেক কর্মী দ্য নিউয়র্ক টাইমসকে জানান, গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত এনভিডিয়ার একটি সম্মেলনের সময় হুয়াং ও পাওয়েলকে একটি হোটেলে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি করেছেন ওই দুই সাবেক কর্মী, যদিও তাঁরা নিজেরা সরাসরি ভিডিওটি দেখেননি বলে জানিয়েছেন।


এই সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার অভ্যন্তরীণ কর্মপরিবেশ ও কর্পোরেট নীতিমালা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির আচরণবিধিতে কর্মীদের এমন যেকোনো পরিস্থিতি এড়িয়ে চলার স্পষ্ট নির্দেশনা রয়েছে, যা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করতে পারে। এই স্বার্থের সংঘাতের আওতায় সহকর্মীদের মধ্যকার ব্যক্তিগত সম্পর্কও অন্তর্ভুক্ত রয়েছে। নীতিমালা অনুযায়ী, যেকোনো অসদাচরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এনভিডিয়া তা তদন্ত করে থাকে। বিশ্বের প্রায় সব বড় কর্পোরেশনেই ঊর্ধ্বতন ব্যবস্থাপক এবং তাঁদের অধীনে কর্মরত কর্মীদের মধ্যে ব্যক্তিগত বা প্রেমের সম্পর্ক স্থাপনের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। উল্লেখ্য, কিম্বার্লি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন এবং বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে—বিশেষ করে মেডিকেল ইমেজিং ডিভাইসে প্রতিষ্ঠানের চিপ প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত উদ্যোগগুলোর তদারকির দায়িত্বে রয়েছেন।


নতুন এই কেলেঙ্কারি এমন এক সময়ে সামনে এল, যখন জেনসেন হুয়াং আগে থেকেই অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে নামের এক চীনা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের কারণে তীব্র সমালোচনা ও চাপে রয়েছেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গুপ্তচর, যাঁর মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এআই চিপ প্রযুক্তি সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করা। গত মাসে দ্য নিউয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়া প্রধানের গভীর সম্পর্ক গড়ে উঠেছিল এবং তিনি এনভিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন যাতে উন্নত এআই চিপগুলো চীনের জন্য আরও সহজলভ্য করা যায়। যদিও বেইজিং এই গুপ্তচরবৃত্তির অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।


পরবর্তীতে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কাছে পাঠানো এক চিঠিতে জেনসেন হুয়াং স্বীকার করেন যে তিনি তাঁর স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না, তবে ওই নারীর পরিচয় প্রকাশ করেননি। এরপর কোম্পানির বোর্ড পুরো বিষয়টি তদন্তের জন্য ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ’ নামের একটি শীর্ষস্থানীয় আইনি প্রতিষ্ঠানকে (ল’ ফার্ম) দায়িত্ব দিয়েছে। এছাড়া, জাতীয় নিরাপত্তার স্বার্থে মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগের বিষয়ে তাঁর কাছে একটি রুদ্ধদ্বার ব্রিফিং দাবি করেছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস ও টাইমস অব ইন্ডিয়া


এ সম্পর্কিত আরো খবর