ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, দাবি ট্রাম্পের


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৯:২৪ পিএম

ইরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তিতে যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের কয়েকশ মিলিয়ন ডলার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এমন পরিস্থিতিতে তেহরানের সঙ্গে সমঝোতার প্রয়োজন দেখছেন না তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।


পোস্টে তিনি লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। চুক্তি করার সেই দিনগুলো বহু আগেই শেষ হয়ে গেছে। তাদের অর্থ আমাদের দখলে, কয়েকশ মিলিয়ন ডলার। আর তাদের (হরমুজ) প্রণালিও আমাদের দখলে।’


ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগের খবর সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সরাসরি আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছেন।


তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে সেই কূটনৈতিক উদ্যোগের প্রতি তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি জেডি ভান্সের দায়িত্বের প্রসঙ্গ টেনে বলেন, ভাইস প্রেসিডেন্টকে এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ দুর্নীতি ও অপরাধের বিষয়গুলোতে মনোযোগ দিতে বলেছেন।


ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প লেখেন, তিনি ভান্সকে ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে থাকা শহর ও অঙ্গরাজ্যগুলোতে দুর্নীতি এবং অপরাধের দিকে পুরোপুরি নজর দিতে বলেছেন। এ ক্ষেত্রে তিনি মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়ের নাম উল্লেখ করেন।


ট্রাম্পের অভিযোগ, এসব এলাকায় প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার চুরি হচ্ছে। এ ধরনের অপরাধ বন্ধ করা গেলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটে আর্থিক সমন্বয় আনা সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। ডেমোক্রেটিক পার্টিকে আক্রমণ করে ট্রাম্প আরও লেখেন, দুর্নীতি দলটির রক্তে মিশে আছে।


ইরানের অর্থ ও হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে ট্রাম্প যে দাবি করেছেন, তাঁর পোস্টে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। একইভাবে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে মার্কিন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা-ও স্পষ্ট নয়।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। এ পথে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম এবং বিভিন্ন দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে।


সূত্র: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট।


এ সম্পর্কিত আরো খবর