ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দেশেই হবে: মীর শাহে আলম


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৯:০০ পিএম

বগুড়া প্রতিনিধি 

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনেই বর্তমানে তাদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং যাচাই ছাড়া রাজনৈতিক ব্যক্তিদের দেশে ফেরা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


মীর শাহে আলম বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরার গুঞ্জন নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা উচিত নয়। অনেকেই বলছেন, কাউকে পাসপোর্ট দেওয়া হচ্ছে কিংবা অমুক ব্যক্তি দেশে ফিরছেন। এ ধরনের খবর প্রকাশের আগে সংশ্লিষ্ট আইন ও বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন।


তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নিজেরাই মানবতাবিরোধী অপরাধ আইনের ৪৭ (এ) অনুচ্ছেদ প্রণয়ন করেছিল। ওই আইনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সাধারণ নাগরিকের মতো সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার সীমিত করা হয়েছে। আজ সেই আইনের বিধানের মুখোমুখি তাদেরই হতে হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।


স্থানীয় সরকারব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যমান স্থানীয় সরকারের পাঁচটি স্তরের পাশাপাশি স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেন। তবে ২০০৯ সালে আইনটি বাতিল করা হয়।


তিনি বলেন, নতুন করে স্বনির্ভর গ্রাম সরকার চালু করা হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের হয়রানি কমার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানের সুযোগ বাড়বে।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি সম্ভাব্য ধাপে আয়োজনের সময়সূচি নির্ধারণ করেছে। প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ অথবা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষা শেষে এপ্রিল ও মে মাসের ২৭ তারিখের মধ্যে অবশিষ্ট ধাপগুলোর নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।


বগুড়া প্রেসক্লাবের ঐক্যের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, দেশের বিভিন্ন জেলায় একাধিক প্রেসক্লাব থাকলেও বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতৃত্বে এখানকার সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে। সাংবাদিকদের মধ্যে এই ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা প্রয়োজন।


অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারের জন্য প্রতিমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে জীবিত ও মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত ১৩টি পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির চিকিৎসা তহবিল গঠনে এক লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন।


প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বগুড়ার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দেওয়া হয়েছে। বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।


বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ ও সাধারণ সম্পাদক কালাম আজাদ।


অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোট ১৪ জনকে মরণোত্তর ও আজীবন সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে আটজনকে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।


মরণোত্তর সম্মাননা পেয়েছেন আমানুল্লাহ খান, জাহিদুর রহমান জাদু, খন্দকার আব্দুর রহিম, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লিমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মহন্ত শানু ও ইকবাল মুর্শেদ রিপন। আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত পশিমুর রহমান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বোগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান সুমন।


এ সম্পর্কিত আরো খবর