ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের লেজ চুরি, ক্ষুব্ধ স্থানীয়রা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৯:০০ পিএম

বগুড়া প্রতিনিধি 

বগুড়ার ঐতিহ্যবাহী ‘বিমান মোড়’-এর পরিচিতি বহনকারী স্মারক যুদ্ধবিমানটিও এখন চোরের হাত থেকে নিরাপদ নয়। রাতের আঁধারে শেনইয়াং এফ-৬ মডেলের পুরোনো যুদ্ধবিমানের পেছনের একটি অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও একাধিকবার বিমানটির বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এই স্মারকের এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বগুড়া শহরের মাটিডালী মোড়ে সরেজমিনে গিয়ে যুদ্ধবিমানের পেছনের অংশটি চুরি হওয়ার বিষয়টি দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর আগে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী মোড়ের গোলচত্বরে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অকেজো যুদ্ধবিমান স্থাপন করা হয়। শেনইয়াং এফ-৬ মডেলের বিমানটি সেখানে স্মারক হিসেবে রাখা হয়েছিল। এরপর থেকেই এলাকাটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি ‘বিমান মোড়’ নামেও পরিচিত হয়ে ওঠে।


দীর্ঘদিন ধরে যুদ্ধবিমানটি বগুড়া শহরের অন্যতম পরিচিত স্থাপনা হিসেবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী অসংখ্য মানুষ বিমানটি দেখেন। অনেকে কৌতূহল নিয়ে এর সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। তবে যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী এই স্মারকটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


সম্প্রতি রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিমানটির পেছনের দিকের একটি অংশ খুলে নিয়ে যায়। এর আগে বিমানটির পাখায় থাকা দুটি বুলেট আকৃতির ধাতব অংশও চুরির চেষ্টা করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, মাদকসেবীরা এসব চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। সিটি করপোরেশনের উদ্যোগে ওই ধাতব অংশ দুটি দুই দফায় পুনরায় স্থাপন করা হলেও পরবর্তী সময়ে সেগুলো আবারও চুরি হয়ে যায়।


স্থানীয় বাসিন্দা শাহীন সরদার বলেন, এই সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, যুদ্ধবিমানের লেজের অংশটি খুলে নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও বিমানটির পাখায় থাকা দুটি বুলেট আকৃতির ধাতব অংশ চুরির ঘটনা ঘটেছে। সিটি করপোরেশনের মাধ্যমে সেগুলো দুবার লাগানো হলেও পরে আবার চুরি হয়ে যায়। তাঁর অভিযোগ, যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা না থাকায় বারবার এমন ঘটনা ঘটছে। এতে শহরের সৌন্দর্য ও ঐতিহ্যের ক্ষতি হচ্ছে।


আরেক স্থানীয় বাসিন্দা ওহাব রাজ বলেন, গুরুত্বপূর্ণ এই স্থাপনার দেখভালের জন্য কোনো নিরাপত্তাকর্মী নিয়োজিত নেই। পর্যাপ্ত নজরদারি না থাকায় নেশাগ্রস্ত ব্যক্তি ও অপরাধী চক্রের সদস্যরা সুযোগ বুঝে স্মারকটির বিভিন্ন অংশ খুলে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় যুদ্ধবিমানটির গুরুত্বপূর্ণ অংশগুলো আর অবশিষ্ট থাকবে না।


স্থানীয়দের মতে, মাটিডালী মোড়ের এই যুদ্ধবিমান শুধু একটি পুরোনো সামরিক উড়োজাহাজ নয়, এটি বগুড়া শহরের পরিচিতি ও ঐতিহ্যের অংশ। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে স্থাপনাটি শহরের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে পরিচিতি পেয়েছে। তাই এর যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।


তাঁরা দ্রুত চুরি যাওয়া অংশ উদ্ধার ও মেরামত, স্মারক যুদ্ধবিমানটির চারপাশে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


এ সম্পর্কিত আরো খবর