ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আধুনিক কৃষি ও পুষ্টি সচেতনতায় নওগাঁয় ব্যতিক্রমী আয়োজন


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ৪:০২ পিএম

নওগাঁ প্রতিনিধি 

আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ খাবারের প্রতি মানুষের আগ্রহ তৈরির লক্ষ্য নিয়ে নওগাঁয় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। মেলায় আধুনিক ও পরিবেশবান্ধব কৃষিপদ্ধতি, দেশি ফল, পুষ্টিগুণসমৃদ্ধ শাকসবজি এবং কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের বিনা মূল্যে গাছ ও সবজির চারা বিতরণ করা হচ্ছে।


শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান রিপনসহ প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ বিভাগ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।


উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে কৃষকদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।


আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় মোট আটটি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষিপ্রযুক্তি, পুষ্টিগুণসমৃদ্ধ দেশি ফল ও শাকসবজি এবং কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।


মেলার অন্যতম আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের মধ্যে বিনা মূল্যে পরিবেশবান্ধব গাছ ও সবজির চারা বিতরণ করা হচ্ছে। এ ছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গাছের চারা সরবরাহ করা হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমান এ তথ্য জানিয়েছেন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন দেশি ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব ফলের চাষাবাদ সম্পর্কেও বাস্তব ধারণা পাবেন। ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানুষের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি।


তিনি বলেন, একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন ১২৫ গ্রাম ফল খাওয়া প্রয়োজন হলেও দেশে গড়ে মাত্র ৩০ থেকে ৩৫ গ্রাম ফল খাওয়ার প্রবণতা রয়েছে। এই ঘাটতি পূরণে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন পতিত জায়গায় দেশি ফলের গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।


মেলায় আসা দর্শনার্থীরা জানান, কৃষি প্রযুক্তি ও পুষ্টি বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন সময়োপযোগী উদ্যোগ। বিশেষ করে নতুন কৃষিপ্রযুক্তি, পরিবেশবান্ধব চাষাবাদ এবং পুষ্টিকর খাদ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে। এতে কৃষক ও সাধারণ মানুষ উভয়ই উপকৃত হবেন।


তবে তাঁরা মনে করেন, এ আয়োজন শুধু জেলা শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে সীমাবদ্ধ না রেখে উপজেলা পর্যায়েও নিয়মিত করা প্রয়োজন। এতে প্রত্যন্ত অঞ্চলের কৃষক, কৃষি উদ্যোক্তা ও সাধারণ মানুষ আধুনিক কৃষিপ্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন। একই সঙ্গে নতুন জাতের ফল ও সবজি চাষে তাঁদের আগ্রহ বাড়বে।


আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এ মেলার মাধ্যমে নওগাঁর কৃষক ও সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে।


এ সম্পর্কিত আরো খবর