নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে চারটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পলিথিনে মোড়ানো এসব বস্তু ফেলে যায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা। পরে স্থানীয়রা সেগুলো পানিভর্তি বালতিতে ভিজিয়ে রাখেন। তবে পুলিশ জানিয়েছে, বস্তুগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ফাযিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের কার্যালয়ের সামনে চারটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাঁরা নিজেরাই বস্তুগুলো পানিভর্তি বালতিতে ভিজিয়ে রাখেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর সেগুলো পার্শ্ববর্তী খালে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল বলেন, ‘গতকাল রাত আনুমানিক ১০টার দিকে আমরা কার্যালয়ে বসে ছিলাম। এ সময় একটি অটোরিকশায় করে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমাদের কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো কৌটাসদৃশ একটি বস্তু ফেলে রেখে চলে যায়। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’
তিনি জানান, প্রথমে বস্তুটি দেখে সেখানে উপস্থিত সবাই ভয় ও উদ্বেগের মধ্যে পড়ে যান। সেটি আসলে কী, তা নিয়ে কারও মধ্যে স্পষ্ট ধারণা ছিল না। পরে সাহস করে পরীক্ষা করার চেষ্টা করা হলেও কেউ সরাসরি সেটি ধরতে রাজি হননি। একপর্যায়ে একটি বালতিতে পানি এনে বস্তুটি ভিজিয়ে রাখা হয়।
এম এ হালিম জুয়েল আরও বলেন, প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করার পরও কোনো বিস্ফোরণ বা অস্বাভাবিক ঘটনা না ঘটায় তাঁরা বস্তুটি বিপজ্জনক নয় বলে ধারণা করেন। পরে সেটি পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগ পাওয়া যায়নি। পরে থানায় যোগাযোগ করা হলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়। সকালে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই বস্তুগুলো সেখানে রাখা হয়েছিল। তবে সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই বস্তুগুলো খুলে ফেলেন। কারা এবং কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে পুলিশ আরও তদন্ত করছে।