ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে সরব ডা. জুবাইদা


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ১১:২৩ এএম

আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, নারীস্বাস্থ্য ও জলবায়ু ঝুঁকি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক ও সম্মেলনে তার বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের নতুন সুযোগ তৈরি হতে পারে।


তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হচ্ছে। গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ২১ সদস্যের একটি প্রতিনিধি দল। সম্মেলনে অংশগ্রহণ শেষে ১৩ নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।


সফরকালে কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এসব আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।


জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরার ক্ষেত্রে এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণও দেশের পরিবেশ ও জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরার সুযোগ তৈরি করেছে।


আন্তালিয়ায় পৌঁছানোর পর ১০ নভেম্বর তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান। এ সময় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্বের বিষয় নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং পরিবেশবান্ধব উন্নয়ন উদ্যোগের বিষয়গুলোও তুলে ধরেন তিনি।


পরদিন সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠক গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। একক দেশের প্রচেষ্টায় শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বাড়ানো প্রয়োজন।


তবে আন্তর্জাতিক সম্মেলনে প্রতিশ্রুতি ও আলোচনার পাশাপাশি সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গবেষক ও পরিবেশবিদ শাইয়ান সাদিক ইশাত বলেন, জলবায়ু সম্মেলনের পরবর্তী প্রভাব ও ফলাফল নিয়ে ধারাবাহিক তদারকি প্রয়োজন। সারা বছর এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। পরবর্তী সম্মেলনের আগে অভিযোজন ও প্রশমন খাতে কতটা অর্থায়ন পাওয়া গেল এবং জলবায়ু তহবিলের কতটি প্রকল্প বাস্তবায়িত হলো, সেদিকেও নজর দিতে হবে।


তিনি আরও বলেন, আলোচনাগুলো ফলপ্রসূ করতে পরবর্তী পর্যবেক্ষণ ও মূল্যায়নের ব্যবস্থা সঠিকভাবে গড়ে তোলা জরুরি। জলবায়ু প্রতিবেদনের ধারণাকে আরও জনপ্রিয় করতে হবে, যাতে বিভিন্ন পরিকল্পনার মধ্যে সমন্বয় করা যায়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।


জলবায়ু বিশ্লেষকদের মতে, নারীস্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের সঙ্গে সহযোগিতা ও অংশীদারত্বের উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মানুষই উপকৃত হতে পারে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও অর্থায়নের নতুন সম্ভাবনাও তৈরি হবে।


কপ-৩১ সম্মেলনে ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা প্রস্তাব ও অঙ্গীকারকে দেশের বাস্তব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে পারলেই এ উদ্যোগের সুফল মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ সম্পর্কিত আরো খবর