ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ১২:৩২ পিএম

বিজ্ঞানচর্চা ও সাহিত্য—দুটি ভিন্ন জগতেই সমান দক্ষতায় বিচরণ করা বরেণ্য ব্যক্তিত্ব পূরবী বসু আর নেই। একদিকে প্রাণরসায়ন ও পুষ্টিবিজ্ঞানে উচ্চশিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেছেন, অন্যদিকে বাংলা সাহিত্যে তুলে ধরেছেন নারী, প্রান্তিক মানুষ ও সমাজের নানা অসংগতির কথা। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই গুণী বিজ্ঞানী ও কথাসাহিত্যিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর প্রয়াণে দেশের সাহিত্য ও বিজ্ঞান অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।তাঁর স্বামী প্রখ্যাত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত জানান, পূরবী বসু দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন।

 

 শারীরিক নানা জটিলতার পাশাপাশি এর আগে তিনি স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। অতীতে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই মূলত তাঁর শারীরিক সমস্যার সূত্রপাত ঘটে। ১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। ব্যক্তিগত জীবনে এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

 তাঁর কর্মজীবনের একটি বড় অংশ কেটেছে বিজ্ঞান গবেষণা ও স্বাস্থ্য খাতে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার এবং কর্নেল ইউনিভার্সিটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে গবেষণা করেছেন। পরবর্তীতে দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উচ্চপদে যোগ দেন এবং ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।পেশাগত সাফল্যের বাইরেও বাংলা সাহিত্যে পূরবী বসুর ছিল এক স্বতন্ত্র ও উজ্জ্বল অবস্থান।

 

কথাসাহিত্য, প্রবন্ধ ও কবিতায় নারীজীবনের নানা সংকট, নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম উঠে এসেছে তাঁর কলমে। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০টিরও বেশি। তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনি ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ লাভ করেন। পরবর্তীতে ২০১৩ সালে দেশের অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মাননা ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ অর্জন করেন এই কীর্তিমান লেখিকা।


এ সম্পর্কিত আরো খবর