ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ১১:২২ এএম

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে এ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়। তবে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার সকালে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধের নোটিশের কারণে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি।


তিনি জানান, শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর সামনে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কাজে যোগ দেওয়ার পর কর্মবিরতিতে যাওয়ার ঘটনায় আরও ছয়টি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।


এর আগে কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।


শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।


এদিকে, ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আশুলিয়ার পোশাকশিল্পের উৎপাদন ও শ্রমিকদের কর্মপরিস্থিতি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর