ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,  ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে নজিরবিহীন নাশকতা: ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: সংসদে নাহিদ ইসলাম আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি কাজিপুরে যমুনায় মিলল মৎস্যজীবীর ভাসমান মরদেহ শীতের শুরুতেই তাড়াশে লেপ-তোষক তৈরির ধুম, ব্যস্ত কারিগররা নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, নিষিদ্ধ সংগঠনের ধর্মঘটে উত্তাল দেশ টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, জননিরাপত্তার দাবিতে বিশাল মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট চরমে, হলের বাইরে ৭৩% শিক্ষার্থী

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৫২ পিএম

নূন্যতম মজুরি বৃদ্ধিসহ ৩ দফা যৌক্তিক দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন চালিয়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলন চলাকালে একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষ ও সহিংসতার মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই শিল্পাঞ্চলের অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা একযোগে কর্মবিরতি পালন ও বাইপাস সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।


সংঘর্ষের ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগমের নাম জানা গেছে। এ ছাড়া এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় ৩ জন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলতে দেখতে পান। এর তীব্র প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ একাধিক বড় তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা ছুটি হয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা একজোটে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা এনভয় ও স্টারলিং কারখানার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সূত্রপাত হয়।


ঘটনার বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, শ্রমিকরা সকালে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে এসেছিলেন। কিন্তু ফটকে নোটিশ ঝুলিয়ে হঠাৎ কারখানা বন্ধ রাখায় তাঁরা বিক্ষোভ প্রকাশ করলে পুলিশ অযাচিত বাধা দেয়। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার পরিবর্তে পুলিশ উল্টো শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে তিনি অভিযোগ করেন।


তবে ঘটনার ভিন্ন চিত্র তুলে ধরে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালের দিকে শ্রমিকরা বেআইনিভাবে সড়কে অবস্থান নিয়ে তীব্র বিক্ষোভ ও প্রধান সড়ক অবরোধের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ তাদের সরিয়ে দিতে বাধা দেয়। এ সময় একদল বিক্ষুব্ধ শ্রমিক এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুরের চক্রান্ত করে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কেবল টিয়ারশেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে, তবে কোনো প্রকার রাবার বুলেট ছোঁড়া হয়নি। আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পুরো শিল্পাঞ্চলে যেকোনো অস্থিতিশীলতা এড়াতে বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর