সিরাজগঞ্জ প্রতিনিধি / : 13
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার ব্যস্ততম বাসস্ট্যান্ডে সংঘটিত এক আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে দোকানগুলোতে থাকা সমস্ত মালামাল ও পুঁজি পুড়ে ছাই হয়ে যাওয়ায় দুটি ব্যবসায়ী পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। তবে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি দলের সময়োপযোগী ও দ্রুত পদক্ষেপে আগুন চারপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়া থেকে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাড়াশ পৌর বাসস্ট্যান্ড এলাকার মেরাজের দুটি এবং ঠিক পাশের আলালের একটি দোকানে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাড়াশ ফায়ার স্টেশন থেকে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের বিপর্যয় এবং আশপাশের অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। তবে এর আগেই মেরাজ ও আলালের ৩টি দোকানের সমস্ত আসবাবপত্র, মালামাল এবং জীবিকার একমাত্র সম্বলটুকু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চোখের সামনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম হতাশা ও নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।