রেজাউল করিম ঝন্টু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলার প্রকৃতিতে ঋতু পরিবর্তনের পালাবদলে কড়া নাড়ছে শীত। হেমন্তের মিষ্টি রোদের আমেজ ফুরিয়ে সন্ধ্যার কুয়াশায় হালকা শীতের পরশ অনুভূত হতেই উত্তরের জনপদ সিরাজগঞ্জের তাড়াশে শুরু হয়েছে শীতের প্রস্তুতি। এর সঙ্গে সঙ্গেই উপজেলার হাটবাজারগুলোতে তোড়জোড় শুরু হয়েছে নতুন লেপ-তোষক তৈরির। তীব্র শীত জেঁকে বসার আগেই নিজেদের উষ্ণতা নিশ্চিত করতে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন স্থানীয় কারিগর ও কারখানগুলোতে। ফলে চরম ব্যস্ত সময় পার করছেন তাড়াশের তুলা ও লেপ-তোষক তৈরির কারিগররা। দম ফেলার ফুরসত নেই বললেই চলে দিনরাত সমান তালে কাজ করে চলেছেন তারা।
সরেজমিনে তাড়াশ উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, তীব্র শীতের আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোষক তৈরির কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। দোকানের সামনে তুলার স্তূপ করে তার ওপর বিশেষ ধরনের লাঠি বা ধনুক দিয়ে পিটিয়ে তুলা ঝুড়ে নরম করার কাজে ব্যস্ত কারিগররা। তুলো পুরোপুরি প্রক্রিয়াজাত বা ফুরফুরে করার পর সেই তুলা নিপুণ হাতে সুতি বা রকমারি প্রিন্টের কাপড়ের তৈরি কভারে ঢোকানো হচ্ছে। এরপর কভার ও ভেতরের তুলা ভেদ করে সুই-সুতার ফোঁড়ে খসখস শব্দে চলছে সুনিপুণ সেলাইয়ের কাজ। সুই ও সুতার গাঁথুনিতে সুবিন্যস্তভাবে আটকে যাচ্ছে তুলার স্তর, তৈরি হচ্ছে একেকটি আরামদায়ক শীতের উপকরণ।
তাড়াশ পৌর সদরের বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের স্থানীয় এক লেপ-তোষক ব্যবসায়ী মজিদ জানান, প্রতি বছর শীতের এই মৌসুমটি আসার সঙ্গে সঙ্গেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। বিশেষ করে শীতের তীব্রতা যত বাড়তে থাকে, দোকানের কেনাবেচাও তত বহুগুণ বৃদ্ধি পায়। বছরের অন্যান্য সময় ব্যবসায়ে তেমন একটা জমজমাট ভাব না থাকলেও শীতের এই বিশেষ সময়টিতেই তাঁদের সারা বছরের উপার্জনের সিংহভাগ অর্জন করতে হয়। যদিও বর্তমান বাজার পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুর দামই ঊর্ধ্বমুখী, তবুও শত প্রতিকূলতার মধ্যেও বাপ-দাদার এই ঐতিহ্যবাহী ব্যবসা টিকিয়ে রেখেছেন তাঁরা। শীতের আগমনকে কেন্দ্র করে বেচাকেনা যেমন বেড়েছে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপ আরও অনেকগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যবসায়ী মজিদ আরও জানান, তাঁর দোকানে বর্তমানে দুজন শ্রমিক দিনরাত পরিশ্রম করে কাজ করছেন। শ্রমিকদের রুটি-রুজি এবং তাঁর নিজের জীবিকা এ ব্যবসার মাধ্যমেই নির্বাহ হয়। শীতের এই ব্যস্ত মৌসুমে কাজের চাপ এতটাই বেশি থাকে যে অনেক সময় ঠিকমতো খাওয়ারও ফুরসত মেলে না। দিনরাত একটানা কাজ করতে করতে ক্লান্তি ভর করলেও ক্রেতাদের চাহিদা মেটাতে তাঁরা বদ্ধপরিকর। শীতের মৌসুম ছাড়াও অবশ্য বিয়েশাদি বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে কিছু লেপ-তোষক বিক্রি হয়ে থাকে, তবে মূল মৌসুম মূলত এই হেমন্ত ও শীতকালই। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির ম্যাট্রেস, ফোমের তোশক, রেডিমেট কম্ফোর্ট ও কম্বল সহজলভ্য হওয়ায় বাজারে প্রতিযোগিতার মাত্রা বহুগুণ বেড়ে গেছে। এর ফলে সামান্য লাভের মার্জিনে সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে মানসম্মত সেবা দিতে হচ্ছে তাঁদের।
মূল্য তালিকার বিষয়ে তিনি জানান, বর্তমান বাজারে একটি সাধারণ সিঙ্গেল লেপ তৈরি করতে তুলা ও কাপড়ের মান ভেদে খরচ পড়ছে প্রায় ৮০০ থেকে ১২০০ টাকা। এছাড়া মাঝারি বা সেমি লেপ তৈরিতে ১২০০ থেকে ১৫০০ টাকা এবং বড় ডবল লেপ তৈরিতে ১৫০০ থেকে ১৮০০ টাকার মতো খরচ পড়ে যাচ্ছে। এর মধ্যে নতুন তুলা, মজবুত কাপড় ও কারিগরের মজুরি ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে তোষক তৈরির ক্ষেত্রে খরচ কিছুটা বেশি পড়ে থাকে। ব্যবহারের জন্য নির্বাচিত তুলার মান, পরিমাণ, ভেতরে নারিকেলের ছোবড়ার ব্যবহার এবং বাইরের উন্নত কাপড়ের ওপর নির্ভর করে একেকটি তোষকের মোট ব্যয় নির্ধারিত হয়।