ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,  ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে নজিরবিহীন নাশকতা: ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: সংসদে নাহিদ ইসলাম আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি কাজিপুরে যমুনায় মিলল মৎস্যজীবীর ভাসমান মরদেহ শীতের শুরুতেই তাড়াশে লেপ-তোষক তৈরির ধুম, ব্যস্ত কারিগররা নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, নিষিদ্ধ সংগঠনের ধর্মঘটে উত্তাল দেশ টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, জননিরাপত্তার দাবিতে বিশাল মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট চরমে, হলের বাইরে ৭৩% শিক্ষার্থী

দেশজুড়ে নজিরবিহীন নাশকতা: ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫৪ পিএম

সারা দেশে হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠেছে গভীর ষড়যন্ত্রমূলক অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড। গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক তাণ্ডব চালিয়ে অন্তত ২২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২৮টি পৃথক স্থানে আতঙ্ক ছড়িয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই আকস্মিক ও ব্যাপক সহিংসতায় পুরো দেশজুড়ে সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের অন্তত ১১টি জেলায় সুপরিকল্পিতভাবে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগর এলাকায় তিনটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় আরও ১৫টি যানবাহনে আগুন দেওয়ার রোমহর্ষক ঘটনা ঘটে। বিশেষ করে রাতের আঁধারে রাজধানীর ফার্মগেট, পল্লবী এবং পুরান ঢাকার সদরঘাট সড়কে বাস ও মিনিট্রাকে অগ্নিসংযোগের ঘটনা জনমনে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।


যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানী ঢাকাজুড়ে চলেছে ককটেল হামলার মহোৎসর্গ। ডিএমপি সূত্র নিশ্চিত করেছে যে, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শুধু ঢাকার ১৯টি ভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব নাশকতামূলক ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। কেবল রাজধানীতেই নয়, ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির চেষ্টা চালিয়েছে দুষ্কৃতকারীরা।


এদিকে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। সেখানে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি সড়ক অবরোধ ও বেশ কিছু দোকানপাটে ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। অন্যদিকে কাশিয়ানী উপজেলা ও গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতু এলাকা, সোনাকুড় এবং এলজিইডি মোড়েও সড়কে টায়ার ও খড়কুটো জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এর আগে সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বইঠা হাতে নিয়ে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে। এমন প্রেক্ষাপটে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর—এই চার জেলায় বাড়তি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।


পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করেই মূলত সারা দেশে এই পরিকল্পিত নাশকতা চালানো হচ্ছে। বিদেশে অবস্থানরত পলাতক নেতারা স্থানীয় ক্যাডারদের নানাভাবে উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য গোপনে অর্থ পাঠাচ্ছেন। সম্প্রতি গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই নেপথ্য চক্রান্তের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গত রোববার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। তাঁরা সরাসরি নির্দিষ্ট কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও টাকার বিনিময়ে এই নাশকতায় অংশ নিয়েছিলেন। তবে গত ২৪ ঘণ্টায় সারা দেশ থেকে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বড় একটি অংশ সরাসরি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে চালানো বিশেষ অভিযানে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলার অবনতি রোধ করতে পুলিশ সদর দপ্তরের আইজিপি আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) নিয়ে একটি জরুরি ও গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করেছেন। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকেরা (ডিআইজি) যুক্ত ছিলেন। বৈঠকে আইজিপি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন, সাম্প্রতিক নাশকতার সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর হাতে দমন করতে হবে, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়াতে হবে। তবে বিগত রাজনৈতিক সরকারের আমলের মতো কোনোভাবেই সাধারণ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে ‘গণগ্রেপ্তার’ চালানো যাবে না। জেলা পুলিশ সুপারদের প্রতি আইজিপির স্পষ্ট বার্তা ছিল—শুধুমাত্র প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, যাকে তিনি ‘কোয়ালিটি অ্যারেস্ট’ হিসেবে অভিহিত করেছেন। নিরীহ ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।


পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গণমাধ্যমকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সুপরিকল্পিত তৎপরতা কাজ করছে। এই ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সাইবার মনিটরিং এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যকার পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এই নাশকতার জাল ছিন্ন করার কাজ চলছে। কেবল কোনো ঘটনা ঘটার পর আইনি ব্যবস্থা নেওয়া নয়, বরং অপরাধ সংঘটনের আগেই সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ, সম্ভাব্য ঝুঁকি নিরূপণ এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন জানিয়েছেন, নাশকতার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অনেককেই ইতিমধ্যে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর প্রতিটি মোড়ে ও অলিগলিতে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে এবং পুলিশের টহল টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সারা দেশের প্রতিটি জেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতার চক্রান্ত নস্যাৎ করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর