ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ, বৈঠকে বসছেন তিন নেতা


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৩৪ এএম

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা একই টেবিলে বসতে যাচ্ছেন। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতিসহ আন্তর্জাতিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিতব্য এ ত্রিপক্ষীয় বৈঠককে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে হোয়াইট হাউস।



মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে একটি উচ্চাভিলাষী চুক্তির সম্ভাবনা এবং উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। তবে বৈঠক শেষে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। মার্কিন বার্তাসংস্থা এপি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তিনি এ তথ্য জানান।



এর আগে ট্রাম্প নিজেই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। সপ্তাহের শুরুর দিকে সাংবাদিকদের তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তাঁরা।



শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। তাঁর মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।



অলিভিয়া ওয়েলস জানান, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী এপিইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাঁদের চতুর্থ বৈঠক।



চীন সফর শেষে যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। এদিকে সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। অলিভিয়া ওয়েলস বলেন, এ সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেবে।



বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা কম। এ বিষয়ে মস্কো ও বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি।



তিন দেশের নেতাদের সম্ভাব্য আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণের পরিসর সংকুচিত হয়েছে। একসময় স্নায়ুযুদ্ধের অবসান ও পারমাণবিক ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার ধারাবাহিকতাও এতে বাধাগ্রস্ত হয়েছে।



এ পরিস্থিতিতে জাতিসংঘ উভয় দেশকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প পুরোনো চুক্তির মেয়াদ বাড়ানোর পরিবর্তে আরও উন্নত একটি চুক্তি করতে চান। তাঁর পরিকল্পনায় চীনকেও অন্তর্ভুক্ত করার বিষয়টি রয়েছে। ট্রাম্পের যুক্তি, বেইজিং বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।



তিন পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের এ বৈঠক আন্তর্জাতিক নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণের ভবিষ্যৎ আলোচনায় নতুন দিক তৈরি করতে পারে। তবে বৈঠকে কী ধরনের সমঝোতা বা অগ্রগতি হয়, তা নিয়ে এখন নজর থাকবে বিশ্ব কূটনৈতিক মহলের।


এ সম্পর্কিত আরো খবর