ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল শুরু


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ১০:১৯ এএম

রাডার ও যোগাযোগব্যবস্থায় আকস্মিক প্রযুক্তিগত অস্থিতিশীলতার কারণে টানা চার ঘণ্টারও বেশি সময় ধরে অচল থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে জারি করা জরুরি উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে। তবে নজিরবিহীন এই বিপর্যয়ের রেশ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেয়। নিরাপত্তা ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে দেশজুড়ে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ। দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর রাত ৮টা ১৫ মিনিটে দেশটির আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়।


এ বিষয়ে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে ব্যাপক অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। মূলত রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে এফএএ বাধ্য হয়ে উড্ডয়ন বন্ধের কঠোর নির্দেশ জারি করে। তার ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সেখান থেকে প্রাপ্ত তথ্যে বড় ধরনের অসংগতি তৈরি হয়।


পরিবহনমন্ত্রী আরও বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রম সম্পূর্ণ সচল রয়েছে। তবে বিকেলের এই আকস্মিক ঘটনায় ফ্লাইট সূচিতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এর প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলোও নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের বর্তমান বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে অত্যন্ত পুরোনো বলে অভিহিত করেন শন ডাফি। তিনি উল্লেখ করেন, পুরোনো প্রযুক্তির কারণেই রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পেরে অস্থিতিশীল হয়ে পড়েছিল। এই পুরো ব্যবস্থাটি আধুনিকায়ন করতে তিনি মার্কিন কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের জোর দাবি জানান। উল্লেখ্য, বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।


এদিকে, এই বড় ধরনের বিপর্যয়ের পেছনে কোনো নাশকতা বা সাইবার হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন। সাংবাদিকদের তিনি স্পষ্ট জানান, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলা ছিল না। এমনকি সাম্প্রতিক দিনগুলোতে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বৈশ্বিক বিভ্রাটের সঙ্গেও এই ঘটনার কোনো সম্পর্ক নেই।


এর আগে তিনটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সরাসরি সম্পর্ক রয়েছে। তবে পরিবহনমন্ত্রী ডাফি দাবি করেন, এই ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা কখনোই পুরোপুরি অচল হয়ে পড়েনি।


অন্যদিকে, টানা চার ঘণ্টার এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে হাজার হাজার ফ্লাইটের চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে গতকালই তার ফ্লাইট বাতিল হয়েছিল। আজ দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে তার ফ্লাইটটি আবারও বাতিল হওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।


সূত্র: রয়টার্স ও বিবিসি


এ সম্পর্কিত আরো খবর