ইরানের জীবননাশের হুমকিকে কোনো পরোয়াই করছেন না মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পদক্ষেপের জেরে তেহরানের পক্ষ থেকে হত্যার হুমকি আসার পর নিজ বাসস্থান ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি। তবে নিজের অবস্থানে অনড় থেকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই ভীত নন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই কথা জানান। তিনি বলেন, “আমি কেন ভীত হব, যখন মধ্যপ্রাচ্যে আমাদের সাহসী সেনা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অব্যাহতভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে?” তিনি আরও বলেন, ইরান বর্তমানে কোণঠাসা হয়ে পড়া পশুর মতো উগ্র ও বেপরোয়া আচরণ করছে। সে কারণেই গোয়েন্দা সংস্থার কঠোর নির্দেশিকা অনুসরণ করে তিনি নিজের বাড়ি ছেড়ে মার্কিন সেনাবাহিনীর একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন।
সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্কট বেসেন্ট অভিযোগ করেন, প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ২০২৫ সালের জানুয়ারিতে তার জর্জটাউনের বাসভবনের ওপরের অংশের একটি ছবি প্রকাশ করেছিল। সংবাদমাধ্যমের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ছবি প্রকাশ ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করার প্রবণতা অবিলম্বে বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এতে তার নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে মনে করছেন এই মার্কিন মন্ত্রী।
বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করছে। দেশটির প্রধান প্রধান বন্দরগুলোতে কঠোর নৌঅবরোধ আরোপ করার পর এবার স্থল অবরোধের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। আর এই সামগ্রিক অর্থনৈতিক ও বাণিজ্যিক লড়াইয়ে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। (সূত্র: সিএনবিসি)