মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক দ্বন্দ্ব নতুন করে চরমে উঠেছে। হরমুজ প্রণালির আকাশসীমায় আমেরিকার অত্যন্ত সংবেদনশীল একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে ইরানের নৌবাহিনী। আকাশসীমা লঙ্ঘন ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান যে কোনো উসকানিমূলক পদক্ষেপে কঠোর জবাব দিতে প্রস্তুত, এই ঘটনার মধ্য দিয়ে তা আবারও স্পষ্ট হলো।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমগুলোতে এই ড্রোন ভূপাতিত করার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। আধাসরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় কোস্তাক অঞ্চলের ড্রোনটি লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ড্রোন ধ্বংসের পর ইরানি নৌবাহিনী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে যে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা এক মুহূর্তের জন্যও দ্বিধাবোধ করবে না। ইরনার প্রকাশিত ছবিতে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের অংশবিশেষ পরিষ্কারভাবে দেখা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সিরিকে ইরানের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় মার্কিন সেনারা। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাহরাইনে অবস্থানরত মার্কিন রাডার লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান, যা হামলার আগাম সতর্কবার্তা প্রদানে ব্যবহৃত হতো। বাহরাইনে এই হামলার পর ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান আহমেদ ভাহিদি মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তাদের ওপর অত্যন্ত বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক হামলা চালানো হবে। অতীতের পরাজয় থেকে শিক্ষা না নিলে যুক্তরাষ্ট্রকে আরও বড় মূল্য চুকাতে হবে বলেও কঠোর বার্তা দিয়েছেন তিনি। সূত্র: আলজাজিরা