আফগানিস্তানের বিপক্ষে শারজায় চলমান দ্বিতীয় টেস্টের মাঝপথেই জিম্বাবুয়ে ক্রিকেট শিবিরে এলো বড় এক দুঃসংবাদ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন স্যামন্স। চলমান এই টেস্ট ম্যাচ শেষেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন তিনি। মূলত পরিবারকে পর্যাপ্ত সময় দিতেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছেন এই কোচ।
২০২৪ সালের জুন মাসে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জাস্টিন স্যামন্স। জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সালের শেষ পর্যন্ত। তবে পারিবারিক কারণে মেয়াদ পূর্ণ হওয়ার অনেক আগেই বিদায়ের সিদ্ধান্ত নিতে হলো তাকে।
স্যামন্সের কোচিংয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বেশ কিছু স্মরণীয় ও ঐতিহাসিক সাফল্যের স্বাদ পেয়েছে। তার অধীনে দলটি তিনটি টেস্ট ম্যাচে জয়লাভ করে, যার মধ্যে ২০২১ সালের পর প্রথমবারের মতো দেশের মাটির বাইরে টেস্ট জয়ের গৌরবও রয়েছে। বিশেষ করে ২০২৫ সালের এপ্রিল মাসে সিলেটে বাংলাদেশের বিপক্ষে সেই অবিস্মরণীয় জয় পায় জিম্বাবুয়ে। শুধু তাই নয়, নিজেদের ঘরের মাঠেও আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে বিশাল জয় তুলে নিয়েছিল তার শিষ্যরা।
সাদা বলের ক্রিকেটেও তার অবদান ছিল চোখে পড়ার মতো। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেও চলতি বছরের বিশ্বকাপ আসরে অষ্টম স্থানে থেকে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য অর্জন করে জিম্বাবুয়ে। ওই আসরে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওমানের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকার কীর্তি গড়েছিল দলটি।
সফল এই কোচের আকস্মিক পদত্যাগে গভীর হতাশা প্রকাশ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি। তিনি বলেন, ‘জাস্টিনের পদত্যাগপত্র গ্রহণ করা ছিল আমাদের জন্য খুব কঠিন। কিন্তু আমরা তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত বুঝতে পারছি এবং একে সম্মান জানাই।’
দলের অগ্রগতিতে কোচের অবদানের কথা স্মরণ করে তিনি আরও যোগ করেন, ‘আমাদের খেলোয়াড়দের উন্নতিতে তিনি অনেক খেটেছেন। তার নেতৃত্বে দলের অগ্রগতি কিছু স্মরণীয় টেস্ট জয় ও টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াইয়ের ধরনে সুস্পষ্ট। জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে তার নিবেদনের জন্য তাকে ধন্যবাদ জানাই। তাকে ও তার পরিবারের জন্য শুভ কামনা।’
জিম্বাবুয়ের দায়িত্ব নেওয়ার আগে জাস্টিন স্যামন্স দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দলগুলোর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবেও অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন তিনি।