ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তুরামণির দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে করলেন চীনা যুবক হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৮২

নিয়োগের দাবিতে রাতভর শাহবাগে ১৮তম নিবন্ধন প্রার্থীরা


  • আপলোড সময় : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৩৪ এএম

নিয়োগের সুপারিশের দাবিতে কনকনে শীত ও রাতের অন্ধকার উপেক্ষা করে রাজধানীর শাহবাগে রাতভর অবস্থান করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত প্রার্থীরা। রাত পেরিয়ে ভোরের আলো ফুটলেও রাজপথ ছাড়েননি তারা। বরং আজ সোমবারও শাহবাগে আরও বড় পরিসরে জমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের সাফ কথা, দ্রুত নিয়োগের কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবেই।


রোববার সকাল থেকেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তিন শতাধিক সুপারিশবঞ্চিত প্রার্থী। তাদের অভিযোগ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও সপ্তম গণবিজ্ঞপ্তিতে তারা নিয়োগের সুপারিশ পাননি। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকা এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় এমন বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগী প্রার্থীরা।


আন্দোলনকারীরা জানান, ন্যায্য নিয়োগের দাবিতে এরই মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন তারা। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান ও মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন। এর আগে গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। সে সময় মন্ত্রী তাদের যৌক্তিক দাবি শোনেন এবং এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন বলে দাবি করেন প্রার্থীরা।


এদিকে রোববার দুপুরে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। তবে সেই আলোচনা থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে কোনো প্রত্যাশিত বা সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় হতাশ হয়ে প্রার্থীরা শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।


আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শূন্য পদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবং প্রয়োজনে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করা। পাশাপাশি সনদের মেয়াদ ও বয়সসীমার শর্ত পূরণ করা সব সুপারিশবঞ্চিত প্রার্থীকে নিয়োগের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।


আন্দোলনরত প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা নামমাত্র কোনো গণবিজ্ঞপ্তি চান না; বরং এমন একটি কার্যকর গণবিজ্ঞপ্তি চান, যেখানে সব যোগ্য প্রার্থীর নিয়োগের বাস্তব সুযোগ থাকবে। এ জন্য শিক্ষামন্ত্রীর দেওয়া পূর্বের আশ্বাস দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান ও আন্দোলন চালিয়ে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থীরা।


উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাদের মধ্যে বিভিন্ন গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন। আন্দোলনকারীদের হিসাব অনুযায়ী, বাকি ৯ হাজার ৮৪২ জন প্রার্থী এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন। এই বঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগের আওতায় আনতেই তাদের এই চলমান আন্দোলন।


এ সম্পর্কিত আরো খবর