ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তুরামণির দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে করলেন চীনা যুবক হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৮২

গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন


  • আপলোড সময় : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

আকাশ জমিন প্রতিবেদক:

দেশের নৃত্যশিল্পের বিকাশ, চর্চা ও গবেষণায় অনন্য ও সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গুণীজন সম্মাননা পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্যগবেষক কবীরুল ইসলাম রতন। সম্প্রতি রাজধানীতে ‘ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গুণীজন সম্মাননা পদক ২০২৬’-এর চতুর্থ পর্বে তাঁকে এই বিশেষ সম্মাননা পদকে ভূষিত করা হয়। নৃত্যরোখ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দেশের নৃত্যাঙ্গনে নেতৃত্ব দেওয়া এই গুণী শিল্পীর অর্জনে সংস্কৃতি অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।


সম্মাননা প্রাপ্তির পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কবীরুল ইসলাম রতন বলেন, “একজন নৃত্যশিল্পী এবং একজন নৃত্যগবেষক হিসেবে বাংলাদেশের নৃত্যশিল্পে বিশেষ অবদানের কারণে আমাকে যে সম্মাননায় ভূষিত করা হলো, তাতে আমি সত্যিই আয়োজকদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমাকে এভাবে সম্মাননা জানানোর কারণে আমি ভীষণ আবেগাপ্লুত। আগামীতে আমি আমার কাজে আরও বেশি সক্রিয় থাকব এবং বাংলাদেশের নৃত্যশিল্পকে আরও কীভাবে আধুনিকায়নের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানে উন্নত করা যায়, সেই প্রচেষ্টা অব্যাহত রাখব।”


নিজের পেশা ও শিক্ষার্থীদের নিয়ে গর্ব প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি সবসময়ই একজন নৃত্যশিল্পী হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশে আমার অসংখ্য শিষ্য রয়েছে, আমি সবসময়ই তাদের সাফল্য নিয়ে গর্ব করি। সত্যি বলতে কী, একটি জাতির প্রকৃত সাংস্কৃতিক পরিচয় গড়ে ওঠে তার নিজস্ব শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে। নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে এবং তাদের ভেতরের সৃজনশীল প্রতিভার বিকাশে শিল্প-সংস্কৃতির প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার’ দীর্ঘ ছয় বছর ধরে নিষ্ঠার সঙ্গে নৃত্য ও শিল্প চর্চার মাধ্যমে সেই মহান দায়িত্ব পালন করে আসছে। আমরা সবাই সবসময় তাদের পাশে আছি।”


এদিকে, গুণী এই নৃত্যশিল্পীর জীবনের আরেকটি বিশেষ দিন আজ। আজ বরেণ্য নৃত্যগুরু কবীরুল ইসলাম রতনের শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে এবারের আয়োজনে বড় কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সান্নিধ্যেই ঘরোয়াভাবে কাটবে তাঁর এবারের জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও শিষ্যরা তাঁকে জন্মদিন ও সম্মাননা প্রাপ্তির দ্বৈত শুভেচ্ছায় সিক্ত করছেন।


উল্লেখ্য, বাংলাদেশের নৃত্য পরিচালনা ও গবেষণায় কবীরুল ইসলাম রতন এক অবিস্মরণীয় নাম। বর্ণাঢ্য কর্মজীবনে অসংখ্য কালজয়ী নৃত্য নির্মাণের পাশাপাশি তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিও অর্জন করেছেন। ২০০৭ সালে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অসাধারণ নৃত্য পরিচালনার জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার জিতে নেন। তাঁর এই নতুন সম্মাননা দেশের তরুণ নৃত্যশিল্পীদের আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংস্কৃতিজনরা।


এ সম্পর্কিত আরো খবর