আকাশ জমিন প্রতিবেদক
প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লা’র ৭৪’তম জন্মদিন আগামীকাল মঙ্গলবার । বছরজুড়েই রুনা লায়লা’র জন্মদিনকে ঘিরে থাকে নানান পরিকল্পনা। এই প্রজন্মের শিল্পীরা তার জনপ্রিয় গানগুলো কাভার করে যেমন প্রকাশ করেন। আবার বিভিন্ন চ্যানেলেও রুনা লায়লার জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করে থাকেন। জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন,‘ এই সময়ে এসে মূলত পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করা হয়ে থাকে। যথারীতি এবারও তাই হবে। দেখতে দেখতে অনেক জন্মদিনই পেরিয়ে গেলো।
তবে ছোটবেলার জন্মদিনই আসলে বেশি মনেপড়ে। মা জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন-এগুলোই আসলে বিশেষভাবে মনেপড়ে। দেখতে দেখতে সঙ্গীত জীবনেরও ষাট বছর পেরিয়ে গেছে। আমার বাবা মা, আমার বড় বোন দীনা’সহ পরিবারের সবার আসলে এতো সাপোর্ট ছিলো যে, যদি তা না হতো তাহলে এতোদূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে তিনি আমায় সুন্দর জীবন উপহার দিয়েছেন, এখনো আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমি সবার কাছে সবসময় দোয়া চাই যেন আজীবন গান গেয়ে যেতে পারি।’ রুনা লায়লার এবারের জন্মদিনের পরেরদিন ১৮ নভেম্বর বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের আরেক প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদ’র জন্মদিনে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন রুনা লায়লা।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’এর প্রধান উদ্যোক্তা হোমায়রা বশির ও রাজা বশির, বশির আহমেদ’র দুই সুযোগ্য উত্তরসূরী। হোমায়রা বশির ও রাজা বশির বলেন,‘ শ্রদ্ধেয় রুনা আন্টি আমাদের বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এমন একজন সঙ্গীতশিল্পী, যাকে নিয়ে বাংলাদেশের সবসময়ই গর্ব করে। তিনি আমাদের দেশের সিগনেচারও বটে। তিনি এমন একজন মহান শিল্পী, যার মতো হতে পারার স্বপ্ন তার পরবর্তী প্রজন্মের সকল গায়িকার। আমরা কয়েকদিন আগে রুনা আন্টির বাসায় গিয়েছিলাম এবং তাকে আব্বাকে ঘিরে এই সম্মাননার কথা বলার পর তিনি সম্মতি দেয়ায় আমরা যে কী খুশী হয়েছি তা আসলে বলার অপেক্ষা রাখেনা।
বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ রুনা আন্টি আজীবন সম্মাননা গ্রহন করতে আসছেন, এটা যে আমাদের জন্য কতো বড় এক প্রাপ্তি হতে যাচ্ছে তা আসলে ভাষায় প্রকাশের নয়। আমরা আসলে সারা জীবনের জন্য তার কাছে ঋনী হয়ে গেলাম। আমরা কৃতজ্ঞ শ্রদ্ধেয় রুনা আন্টির কাছে। দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন।’ উল্লেখ্য, বশির আহমেদ সম্মাননা ২০২৬-এ উপস্থাপনায় থাকবেন কবি হাসান মাহমুদ। বশির আহমেদ সম্মাননা ২০২৬’ ১৮ নভেম্বর বিকেল চারটায় ঢাকাস্থ সেগুনবাচিার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।