সরকার গঠনের পর থেকে বিগত আট মাসে দেশে একটিও গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি বর্তমান সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে সরকার যেমন জড়িত ছিল না, ভবিষ্যতেও তেমন কিছু করা হবে না। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ এই সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দেশের মানবাধিকার পরিস্থিতি ও সরকারের অবস্থান তুলে ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “সরকার গঠনের এই আট মাসে কোনো গুম হয়নি, কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা কোনো বেআইনি কাজ করিনি আর করবও না।”
অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের বিভিন্ন সমস্যার কথা শুনে প্রতিমন্ত্রী বলেন, “অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে আপনারা নিবন্ধন এবং সরকারি ক্রোড়পত্র প্রদানের যে দাবি-দাওয়া তুলে ধরেছেন, তা অত্যন্ত যৌক্তিক। আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে একটি কমিটি গঠনের পর্যায়ে আছি। তবে এই প্রক্রিয়াগুলো রাতারাতি সম্পন্ন হয়ে যাবে না, এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
দেশের অনলাইন গণমাধ্যমগুলোর স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী কঠোর বার্তা দেন। তিনি বলেন, “আমরা গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তবে এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন ইনিয়ে-বিনিয়ে অনলাইন পোর্টালগুলোতে ফ্যাসিস্টকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা না করা হয়।”
এ প্রসঙ্গে তিনি আরও সতর্ক করে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠনের যেকোনো কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা চালানো আইনত নিষিদ্ধ। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আমরা লক্ষ্য করছি যে অনেকেই সেই নিষেধাজ্ঞার বিষয়টি উপেক্ষা করছেন। দায়িত্বশীলতার জায়গা থেকে গণমাধ্যমকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে।”
সভায় দেশের সরকার নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর প্রতিনিধিরা এই খাতের বর্তমান সংকট, আর্থিক চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর পক্ষ থেকে সরকারের কাছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি-দাওয়া উপস্থাপন করা হয়।
ফোরামের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রয়োজনীয় যাচাই-বাছাই ও অনুমোদন ছাড়া যত্রতত্র নিউজ পোর্টাল চালু না করা, নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোতে নিয়মিত সরকারি বিজ্ঞাপন প্রদানের সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করা, শুধুমাত্র অনলাইন গণমাধ্যমের জন্য আরোপিত বার্ষিক নবায়ন ফি বাতিল করা এবং পোর্টালের অফিসের ঠিকানা পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজতর করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শীর্ষ দুই নীতিনির্ধারক এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।