মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও পুরোনো ক্ষতের রেশ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বাকযুদ্ধ যেন থামছেই না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সতর্কবার্তার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি মার্কিন নৌবাহিনীর দুই শীর্ষ কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে তেহরান। ইরানের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ওই দুই কর্মকর্তাকে দায়ী করে তাদের খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছে ইরানি দূতাবাস।
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের মিনাবের একটি স্কুলে হামলা চালিয়ে ১৬৮ শিশুকে হত্যার নির্দেশদাতা মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তাকে নতুন করে ফের হুমকি দিয়েছে তেহরান। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আট মাস আগের একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করে এই হুমকি দিয়েছে।
ওই দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে পোস্টটি শেয়ার করার পাশাপাশি চার শব্দের এক বাক্যে দূতাবাস বলেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
পোস্টে অভিযুক্ত ওই দুই কর্মকর্তাকে ইউএসএস স্প্রুয়ান্স রণতরীর কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক বলে শনাক্ত করা হয়েছে।
গত ২৯ মার্চের ওই মূল পোস্টে বলা হয়েছিল, এই দুই অপরাধীকে মনে রাখুন। কমান্ডার লেই আর টেট এবং ইউএসএস স্প্রুয়ান্সের এক্সিকিউটিভ অফিসার জেফরি ই ইয়র্ক; যারা তিনবার টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন এবং মিনাবের এক স্কুলে ১৬৮ জন নিষ্পাপ শিশুকে হত্যা করেছিলেন। শিশুদের হত্যার জন্য তাদের প্রকাশ্যে অভিযুক্ত করে ওই পোস্টে প্রশ্ন তোলা হয়েছিল, ‘তাদের কি নিজেদের কোনো সন্তান নেই?’
ইরান যাতে জ্যেষ্ঠ কোনো মার্কিন কর্মকর্তার ওপর হামলা না চালায়—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে এমন সতর্কবার্তা দেওয়ার ঠিক একদিন পরই এই পাল্টা হুমকি এল। ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানকে সতর্ক করে বলেছিলেন, কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করা হলে ইরান আর বেশি দিন অস্তিত্বশীল থাকবে না।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মিনাবের শাজারায়েহ তাইয়েবাহ স্কুলে অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১২৩ শিশুসহ অন্তত ১৫৬ জন নিহত হয়।
এদিকে, তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা ধারাবাহিক মৃত্যুর হুমকির মুখে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন এলাকার বাসভবন থেকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার ঘটনার পরপরই এই নতুন হুমকি সামনে এল। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে স্কট বেসেন্ট বলেছেন, মার্কিন সিক্রেট সার্ভিসের কঠোর পরামর্শেই এই স্থানান্তরের কাজটি করা হয়েছে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের সাহসী সামরিক সদস্য এবং প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্রমাগত মৃত্যুর হুমকি পান, তখন আমি কেন ভয় পাব?
অন্যদিকে, এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ মিনাবের স্কুলের হামলা সম্পর্কে কথা বলতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও প্রবীণ কূটনীতিক আয়াতুল্লাহ আবদুল মজিদ হাকিব ইলাহি বলেন, ওয়াশিংটন এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য কখনো ক্ষমা চায়নি এবং নিহত কিছু শিশুর মরদেহের খোঁজ এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, তারা ইরানের ওপর হামলা চালিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি একটি প্রাথমিক বিদ্যালয়ে দুবার হামলা চালায় এবং বিদ্যালয়ের ১৬৮ জন নিরপরাধ মানুষকে হত্যা করে। এখনো এই শিশুদের কিছু মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তাদের মায়েরা এবং বাবারা এখনো কাঁদেন, কারণ তাদের সন্তানদের জন্য কান্না করতে যাওয়ার মতো কোনো কবরও তাদের নেই।
সূত্র: এনডিটিভি, সিএনবিসি