ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে নতুন এক রাজনৈতিক কেলেঙ্কারি দেশটির রাজনীতিতে তীব্র উত্তাপ ছড়িয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে আরব-ইসরায়েলি একটি রাজনৈতিক দলের সদস্যদের মিথ্যা অভিযোগে ফাঁসাতে বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে গোপন তৎপরতা চালানো হয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গণমাধ্যমে এই খবর প্রকাশের পর বিষয়টিকে সরাসরি ‘অভ্যুত্থানের চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করে নেতানিয়াহুর পদত্যাগ ও জরুরি ফৌজদারি তদন্তের দাবি তুলেছেন বিরোধীদলীয় নেতারা।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের আগে আরব-ইসরায়েলি একটি দলের সদস্যদের ফাঁসানোর জন্য বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রচেষ্টা চালানো হয়েছিল। এই বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টিকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করে সোমবার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতারা।
ইসরায়েলের সদ্য-সমাপ্ত আইনসভার বিরোধীদলীয় প্রধান এবং ‘বেয়াহাদ’ জোটের সহ-সভাপতি ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, ‘যত বেশি বিস্তারিত তথ্য সামনে আসছে, ততই বিষয়টি পরিষ্কার হয়ে উঠছে। এটি নির্বাচনকে ব্যাহত করার কোনো সাধারণ চেষ্টা ছিল না। এটি ছিল একটি অভ্যুত্থানের চেষ্টা।’
রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ বলেছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব-ইসরায়েলি রাম দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে ফোন করে একটি অভিযোগ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়, নর্ডেন পুলিশকে একজন কথিত গোয়েন্দা সূত্রের সন্ধান দিয়েছিলেন; যিনি নেতানিয়াহুর কার্যালয়েরই সাবেক কর্মী। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাম দলের তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রমাণিত করায় ওই তিন ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।
নির্বাচনে আরব দলগুলো রেকর্ডসংখ্যক আসন অর্জন করার পর নেতানিয়াহু দলটির বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তোলেন। তবে তার লিকুদ পার্টি সাম্প্রতিক এই অভিযোগ অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ বলে, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি অন্য আরব জোটের নেতাদের ফোন ট্যাপ করার অনুমতি চেয়েছিলেন। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে অ্যাটর্নি জেনারেল সেই অনুরোধ নাকচ করে দেন। এই সংবাদ ও রাজনৈতিক সমালোচনার জবাবে ইসরায়েলি পুলিশ বলেছে, তারা সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াটি পর্যালোচনা করে দেখবে।
এই প্রতিবেদনের পর আরব জোটের নেতা ইউসুফ জাবারিনও নেতানিয়াহুর পরিচালিত অভ্যুত্থানের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, যদি এসব তথ্য সত্য বলে প্রমাণিত হয়, তাহলে এটি এমন এক অপরাধমূলক ব্যবস্থা; যা সরকারের হৃৎপিণ্ড থেকে পরিচালিত হয়ে নির্বাচনী ফলাফলকে কারচুপি করার চেষ্টা করেছে। নেতানিয়াহুসহ এর জন্য দোষী সাব্যস্ত প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে হবে।
রাম দলের দুই নম্বর নেতা ও সাবেক পুলিশ প্রধান ইোয়াভ সেগালোভিৎজ জরুরি তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, এই সন্দেহের একটি তাৎক্ষণিক, স্বাধীন এবং পুঙ্খানুপুঙ্খ ফৌজদারি তদন্ত প্রয়োজন; যা প্রতিটি স্তরের এবং প্রতিটি বিষয়ের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির সন্ধান দেবে। তিনি বলেন, নেতানিয়াহু চিৎকার করে বলতেন তার নির্বাচন চুরি করা হচ্ছে। অথচ তিনি নিজেই দেশকে চুরি করার চেষ্টা করেছিলেন এবং এখনও তা করে যাচ্ছেন।
এদিকে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এসব প্রতিবেদনকে ‘সম্পূর্ণ উদ্ভট’ বলে আখ্যা দিয়ে বলেছে, দলটিকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐক্য সরকার গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই এই উদ্দেশ্যপ্রণোদিত খবর ছড়ানো হয়েছে।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সামরিক প্রধান গাডি আইজেনকট রোববার লিখেছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আর এক মুহূর্তের জন্যও সরকারের প্রধান হিসেবে থাকতে পারেন না এবং তিনি তদন্তেরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই কেলেঙ্কারি প্রমাণ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইসরায়েলি গণতন্ত্রের জন্য সুনির্দিষ্ট, সরাসরি এবং তাৎক্ষণিক হুমকি।
উল্লেখ্য, গত মাসের নির্বাচনের পর নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকটের বিরোধী জোট; কারো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। এদিকে দুটি আরব জোট, জয়েন্ট লিস্ট এবং রাম আইজেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে।
সূত্র: এএফপি, চ্যানেল ১২, হারেৎজ