বিনোদন ডেস্ক
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করার পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে পৌঁছান।
থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলা দেশের মানুষের প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে একজন কন্টেস্ট্যান্টের জন্য কঠোর প্রশিক্ষণ, কঠিন সময়সূচি, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। মিথিলা বলেন, “আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে সমস্যা নেই, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্ট করছি। এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট আসে, এত কষ্ট, ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করে, এত এফোর্ট দেয়, শেখে, চেষ্টা করে, তারপরও দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পেলে সেটা খুব কষ্ট দেয়।”
একই সঙ্গে তিনি বিকিনির প্রয়োজনীয়তাও তুলে ধরেন। মিথিলা বলেন, “আর আমি কতবার বলবো, যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না। আপনারা তো চান আমি জিতি। জিততে হলে আমাকে বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নেই। যদি আমি বাংলাদেশকে জিতাতে চাই, আমাকে সেই নিয়ম মেনে চলতে হবে।”
মিথিলা আরও বলেন, “এই জায়গাটি অনেক বড়। এতগুলো দেশের প্রতিযোগী আছেন এবং সবাই ভালো। এখানে কেউ খারাপ না। সকলের সাথে প্রতিযোগিতা করতে হলে আমাকে অনেক ভালো করতে হবে। দেশের মানুষকেও সমর্থন দেখাতে হবে।”
তিনি জানান, প্রতিযোগিতার জন্য কঠোর প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিযোগিতা চলাকালীন মডেলিং, সাজসজ্জা, পরফরম্যান্স এবং আন্তর্জাতিক প্রোটোকল মেনে চলা সবই গুরুত্বপূর্ণ। মিথিলা বলেন, “মিস ইউনিভার্স শুধু সুন্দরী হওয়ার প্রতিযোগিতা নয়। এটি একটি আন্তর্জাতিক মঞ্চ, যেখানে একজন কন্টেস্ট্যান্টের সামর্থ্য, দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশের ক্ষমতা দেখানো হয়।”
তিনি নেটিজেনদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতার কঠোর বাস্তবতা বোঝা উচিত এবং ব্যক্তিগত সমালোচনায় হতাশ হওয়া উচিত নয়। মিথিলা আশা করেন, দেশবাসী সমর্থন জানালে এটি তার জন্য উৎসাহের কারণ হবে। তিনি যোগ করেন, “আমি চাই দেশের মানুষ আমাদের সম্মান জানাক, দেশের জন্য গর্বিত বোধ করুক।”
মিথিলা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে দেশকে গর্বিত করার লক্ষ্য ব্যক্ত করেছেন। তার মতে, প্রতিযোগিতায় দেশকে সেরা অবস্থানে পৌঁছাতে হলে নির্দিষ্ট নিয়ম এবং আন্তর্জাতিক মান মেনে চলা অপরিহার্য।
আকাশজমিন /
আরআর