গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নাব্যতা সংকটের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট শনিবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে। এতে করে ওইঘাট দিয়ে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যাত্রী ও চালকদের ভোগান্তি হচ্ছে। ঘাটের চা দোকানদার হানিফ শেখ, খোরশেদ শেখ, হোটেল মালিক আলম মোল্লাসহ কয়েকজন জানান, আজ সকাল ৭ টা হতে এই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
সেইসাথে বন্ধ হয়ে গেছে তাদের সকল দোকানপাট। এতে করে এই ঘাটের উপর নির্ভরশীল সকল দোকানদার, হকার ও শ্রমজীবী মানুষেরা বেকার হয়ে পড়ল। ঘাটটি চালু করতে অন্তত ২০-২৫ দিন লাগবে বলে ড্রেজারের লোকজন তাদেরকে জানিয়েছে। ড্রেজারের কাজে নিয়োজিত লেবার সরদার হযরত শেখ জানান, আজ সকালে ফেরি চলাচল বন্ধ হওয়ার পরপরই নাব্যতা বাড়ানোর জন্য ড্রেজার মেশিন প্রস্তুতের কাজ চলছে।
এদিকে স্হানীয় কয়েকজন জানান, ৭ নং ফেরিঘাটে তিনটি পকেট রয়েছে। এর মধ্যে আপ পকেটে নাব্যতা সংকটের কারনে ফেরি ভিড়তে পারছে না। তবে কনভেনশনাল (মধ্যবর্তী) এবং ডাউন পকেটে এখনো যথেষ্ট গভীরতা রয়েছে। ওই পকেট দুটি দিয়ে ফেরি চালানো সম্ভব। কিন্তু ড্রেজারের পাইপের কারণে পকেট দুটি চালু রাখা যাচ্ছে না। পন্টুনের নিচ দিয়ে পাইপ টেনে আপের পকেটে ড্রেজিং করে যদি ড্রেজিংকৃত পলি-বালি ডাউনের চরে ফেলানো যেত তাহলে ঘাটটি পুরোপুরি বন্ধ হতো না। কিন্তু সেই ধরনের উপযুক্ত ড্রেজিং পাইপ এখানে নেই।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট ব্যবস্হাপক (বানিজ্য) মোঃ সালাউদ্দিন জানান, নাব্যতা সংকটের কারণে শনিবার সকাল হতে এখানকার ৭ নং ঘাটটি বন্ধ রয়েছে। ঘাটটি চালু করতে ড্রেজিং বিভাগ কাজ শুরু করেছে। বর্তমানে ৩ ও ৪ নং ঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
আকাশজমিন / আরআর