ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জাতীয় যুব শক্তির জেলা শাখার উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। এ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের ৩৬ জুলাই চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অংশ নেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা আহ্বায়ক জুনায়েদ মাহমুদ এবং সদস্য সচিব সাইম হোসেন। এছাড়া মুখ্য সংগঠক মোহাম্মদ রাকিবুল ইসলাম, ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল সরদার, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন খলিফা রিফাত, যুগ্ম সদস্য সচিব এনামুল হক দুলাল, যুগ্ম সদস্য সচিব সায়েম ইসলাম, মোহাম্মদ তুষার বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় নেতারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই প্রত্যাশা বাস্তবায়নের সময় এখনই। জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। সে জন্য সর্বস্তরের জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তারা।
কর্মসূচি চলাকালে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। অনেকেই আগ্রহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং গণভোটের বিষয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেন। নেতারা জানান, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই ধরনের প্রচারণা কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচির শেষ দিকে নেতারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তন সম্ভব নয়। তাই গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়।
আকাশজমিন / আরআর