দিনাজপুরের
বিরল উপজেলায় চটের বস্তা বিছিয়ে শুরু হওয়া সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা এবার পেতে যাচ্ছে স্থায়ী ঠিকানা। একজন আনসার কমান্ডারের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই শিক্ষাকেন্দ্রের জন্য নির্মিত
হচ্ছে এক কক্ষবিশিষ্ট ‘সঞ্জীবন
পাঠশালা’। বাংলাদেশ আনসার
ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে এ কার্যক্রম। নতুন
ভবন নির্মাণের খবরে আনন্দে আত্মহারা পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা।
দিনাজপুরের
বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করে আসছেন আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার। সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের
৩৫ থেকে ৪০ জন শিশুকে
সম্পূর্ণ বিনা মূল্যে শিক্ষাদান করছেন তিনি। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার
মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করতে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।
গত
১৩ নভেম্বর শুক্রবার এই পাঠশালাটি পরিদর্শন
করেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মোঃ নুরুজ্জামান। এ সময় তিনি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে পাঠশালাটির অবকাঠামো নির্মাণের বিষয়টি কমলচন্দ্র সরকারকে অবহিত করেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা শিক্ষাকেন্দ্রটির জন্য স্থায়ী ভবন নির্মাণের খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
এ
সময় কমলচন্দ্র সরকার মহাপরিচালকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা
করেন। অন্যদিকে, নতুন ভবন নির্মাণের খবর ছড়িয়ে পড়তেই উপস্থিত শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা
যায়। এতদিন খোলা উঠানে চটের বস্তার ওপর বসে পড়াশোনা করা শিশুদের জন্য এবার তৈরি হবে নিজস্ব শ্রেণিকক্ষ। এতে তাদের নিয়মিত পাঠদান আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে
পরিচালনার সুযোগ তৈরি হবে।
শুধু
পাঠশালার ভবন নির্মাণ নয়, কমলচন্দ্র সরকারের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নেও সহযোগিতার উদ্যোগ নিয়েছে বাহিনী। তাঁর বাড়িতে একটি গৃহস্থালি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। একই সঙ্গে ‘সঞ্জীবন পাঠশালা’তেও একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর ফলে বিদ্যুৎ
সুবিধার পাশাপাশি পাঠদান কার্যক্রম পরিচালনায় শিশুদের জন্য আরও উপযোগী পরিবেশ তৈরি হবে।
হতদরিদ্র
পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে ‘সঞ্জীবন পাঠশালা’র জন্য বাহিনীর
পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষাকেন্দ্রটির কার্যক্রম আরও বিস্তৃত করার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সাঁওতাল ও আর্থিকভাবে অসচ্ছল
পরিবারের যেসব শিশু নানা সীমাবদ্ধতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়, তাদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য,
কমলচন্দ্র সরকারের মানবিক উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর নজরে আসার পর থেকেই তাঁর
পাঠদান কার্যক্রমে সহযোগিতার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ২০২৫ সালে বাহিনীর পক্ষ থেকে পাঠশালার শিশুদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই বছর তাঁর মানবিক ও প্রশংসনীয় কাজের
স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ প্রদান করা হয়।
এ
ছাড়া কমলচন্দ্র সরকারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তা হিসেবে দিনাজপুর জেলা কমান্ড্যান্টের নিজস্ব রেশন থেকে নিয়মিত চাল, ডাল, তেল ও চিনি দেওয়া
হচ্ছে। এসব সহযোগিতা তাঁর ব্যক্তিগত জীবনের পাশাপাশি শিশুদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতেও সহায়ক হচ্ছে।
একজন
আনসার কমান্ডারের ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া ছোট্ট এই পাঠশালা ধীরে
ধীরে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় নতুন রূপ পেতে যাচ্ছে। চটের বস্তায় বসে পড়াশোনা করা শিশুদের জন্য স্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ শুধু একটি অবকাঠামোগত পরিবর্তন নয়, বরং তাদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার উদ্যোগ। প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে ‘সঞ্জীবন পাঠশালা’ হয়ে উঠতে পারে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের এক
উজ্জ্বল দৃষ্টান্ত।