ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্ত পরীক্ষার তাগিদ রাষ্ট্রপতির


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ১০:২৭ এএম

# ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির


সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে প্রত্যেককে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, কর্মস্থল ও সমাজের সর্বস্তরে এ রোগ সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।


বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি।


এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। প্রতিপাদ্যটিকে যথার্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। রোগটি নিয়ন্ত্রণে রাখতে সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।


বাণীতে তিনি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনির জটিলতা ও অন্ধত্বের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে শরীরে সংক্রমণ দেখা দিতে পারে। গুরুতর পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তির অঙ্গচ্ছেদের প্রয়োজনও হতে পারে।


রাষ্ট্রপতি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে আক্রান্ত ব্যক্তিরাও সারা জীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। এ জন্য রোগটির ঝুঁকি সম্পর্কে যথাযথ ধারণা রাখা এবং নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নিয়মিত রক্ত পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


তিনি উল্লেখ করেন, নগরায়নের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি দৈনন্দিন জীবনে কায়িক পরিশ্রমের অভাব ডায়াবেটিসের প্রকোপ বাড়ার অন্যতম কারণ হয়ে উঠছে। আধুনিক জীবনযাত্রায় শারীরিক কর্মকাণ্ড কমে যাওয়া এবং খাদ্যাভ্যাসে পরিবর্তনের ফলে এ রোগের ঝুঁকি বাড়ছে। তাই সুস্থ জীবনযাপনে ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক উদ্যোগও প্রয়োজন।


রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। নিজের ঘর, কর্মস্থল ও সামাজিক পরিসরে এ রোগের ঝুঁকি, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে মানুষকে জানাতে হবে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্যপরীক্ষার বিষয়ে উৎসাহিত করতে হবে।


ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিস মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব।


বাণীর শেষাংশে রাষ্ট্রপতি বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন। পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় সবাইকে এখনই সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সুস্থ ও সুন্দর দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


এ সম্পর্কিত আরো খবর