রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণ নিয়ে সরকার ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরোধ ক্রমেই জটিল হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী ওই মাঠেই সচিবালয় নির্মাণে অনড় সরকার। অন্যদিকে কৃষি গবেষণার স্বার্থে মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। টানা আন্দোলন, সড়ক অবরোধ ও বিশ্ববিদ্যালয় শাটডাউনের পর এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুই পক্ষের অনড় অবস্থানে শেষ পর্যন্ত কীভাবে এই বিরোধের নিষ্পত্তি হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ের কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বর্তমান সচিবালয় আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়। এ সিদ্ধান্তের পরই আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনকে কেন্দ্র করে সমন্বিত প্রশাসনিক নগরী গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান। ষাটের দশকে প্রণীত এবং পরবর্তী সময়ে সংশোধিত মহাপরিকল্পনায় সংসদ ভবনের পাশাপাশি জাতীয় সচিবালয়, সরকারি দপ্তর, আবাসন, হাসপাতাল ও উন্মুক্ত সবুজ এলাকা রাখার ব্যবস্থা ছিল। ১৯৭৩ সালের মহাপরিকল্পনায় সংসদ ও সচিবালয়ের জন্য পৃথক প্রশাসনিক এলাকা নির্ধারণ করা হয়। স্বাধীনতার পর সংসদ ভবন নির্মিত হলেও পরিকল্পিত সচিবালয় বাস্তবায়িত হয়নি।
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বহাল থাকার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তাঁর বক্তব্য, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ওই স্থানেই সচিবালয় নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সুবিধা-অসুবিধা তুলে ধরতে পারেন। তবে সিদ্ধান্তে পরিবর্তন বা সংযোজন-বিয়োজনের বিষয়টি সরকারের পাশাপাশি মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিন্ডিকেটের সদস্য এবং দুই থেকে তিনজন শিক্ষার্থীকে নিয়ে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর জরুরি সিন্ডিকেট সভায় মাঠটি পুনরুদ্ধারের দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের সিদ্ধান্ত হয়। অধ্যাপক আরফান আলী বলেন, মাঠটি আগে বিশ্ববিদ্যালয়ের ছিল। এরশাদ সরকারের আমলে বাণিজ্য মেলার জন্য জায়গাটি নেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে গবেষণা কার্যক্রম চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মাঠ গবেষণার জন্য পর্যাপ্ত নয়। এ কারণে শিক্ষার্থীরা পুরোনো মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।
জমির মালিকানা নিয়েও রয়েছে দুই পক্ষের ভিন্ন অবস্থান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ১৯২০ সালের গেজেটে জমিটির বিষয়ে তথ্য রয়েছে। তবে প্রয়োজনীয় সব কাগজপত্র তাদের হাতে নেই। বিশ্ববিদ্যালয়ের আইন ও এস্টেট শাখার কর্মকর্তারা সিএস, আরএসসহ ভূমিসংক্রান্ত নথি সংগ্রহ করছেন। প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ের ৮৭ একর জমির খাজনা কয়েক বছর ধরে পরিশোধ করা হলেও বাণিজ্য মেলার মাঠের জমির খাজনা দেওয়া হচ্ছে না।
অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান এর আগে দাবি করেছেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নয়। মাঠ ও অন্যান্য স্থাপনাসহ সংশ্লিষ্ট ১৫৭ একর জমি গণপূর্তের নামে রেকর্ডভুক্ত সরকারি সম্পত্তি। ফলে জমির ঐতিহাসিক ব্যবহার, বর্তমান ভূমি রেকর্ড ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় নতুন সচিবালয় নির্মাণের প্রস্তাব রয়েছে। সেখানে তিনটি বেজমেন্টসহ ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন নির্মাণ করা হবে। ভবনগুলোর মোট আয়তন প্রায় ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুট। এ ছাড়া প্রায় তিন হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, মসজিদ, বহুমুখী হল, ক্যাফেটেরিয়া, সবুজায়ন ও জলাধার রাখার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে আবদুল গনি রোডে ১৭ দশমিক ৫৭ একর জমিতে বাংলাদেশ সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। পুরোনো ভবনগুলোর ভূমিকম্পঝুঁকি, স্থানসংকট এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর ছড়িয়ে থাকার সমস্যা বিবেচনায় নিয়ে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। তবে নতুন সচিবালয়ের ধারণাগত নকশা অনুমোদিত হলেও পূর্ণাঙ্গ প্রকৌশল নকশা ও প্রকল্পের ব্যয় নির্ধারণের কাজ এখনও বাকি রয়েছে।