ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এম এ মালিক


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৫৮ পিএম

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগর ৩০নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আয়োজিত এ মাহফিলে তিনি বলেন, গত ১৫ বছরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান এবং ভাষা আন্দোলনসহ বিভিন্ন সময়ে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এম এ মালিক বলেন, স্বাস্থ্য ও শিক্ষা—এই দুই খাতকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হবে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে স্বাস্থ্যসেবার ঘাটতি দ্রুত পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি জানান, সংশ্লিষ্ট তিন উপজেলার ইউএনওদের সঙ্গে মাসিক সমন্বয় সভা শুরু করা হবে। প্রথম সভা অনুষ্ঠিত হবে দক্ষিণ সুরমায়। তিনি আরও বলেন, দক্ষিণ সুরমায় ইতোমধ্যে খালখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জেও উন্নয়ন কার্যক্রম শুরু হবে।

বালাগঞ্জের সঙ্গে মৌলভীবাজারের সরাসরি যোগাযোগ ব্যবস্থার দাবির প্রসঙ্গে তিনি বলেন, ব্রিজ নির্মাণ সময়সাপেক্ষ। তবে অস্থায়ীভাবে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি অফিস সকাল ৯টায় শুরু করার নির্দেশনা প্রসঙ্গে এম এ মালিক বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে সকাল ৮টা বা ৯টা থেকেই অফিস কার্যক্রম শুরু হয়। এতে সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। সেবাগ্রহীতারাও উপকৃত হন।

তিনি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান। বলেন, রোজার মাসে সাময়িক কিছু অসুবিধা হলেও ধীরে ধীরে এটি সবার অভ্যাসে পরিণত হবে। শেষে তিনি জানান, সংসদীয় অধিবেশন শেষে দক্ষিণ সুরমার স্বাস্থ্য খাত নিয়ে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ফয়সল আহমেদ-এর আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সিলেট জেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আকাশজমিন / আরআর



এ সম্পর্কিত আরো খবর