ক্রীড়া ডেস্ক
সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল ইংল্যান্ড। পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। পাল্লেকেলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ১৬৪ রান তোলে। জবাবে ২ উইকেট ও ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে হ্যারি ব্রুকের দল। অন্যদিকে দুই ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট মাত্র ১। ফলে শেষ ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৩, যা দিয়ে ইংল্যান্ডকে টপকানো সম্ভব নয়।
গ্রুপের অন্য দুই দল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার পক্ষেও ইংল্যান্ডকে পেছনে ফেলা কঠিন। নিউজিল্যান্ডের পয়েন্ট ১ এবং শ্রীলঙ্কা এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। নিজেদের মধ্যকার ম্যাচে যে দলই জিতুক, ইংল্যান্ডের ৪ পয়েন্ট অতিক্রম করা সহজ হবে না। এমন সমীকরণেই সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। পাওয়ার প্লেতেই তিনটি উইকেট হারায় তারা। ফিল সল্ট শূন্য, জস বাটলার ৩ ও জ্যাকব বেথেল ৮ রান করে আউট হন। টম ব্যাটন্টনও ২ রান করে বিদায় নেন।
চাপের মুখে দলের হাল ধরেন অধিনায়ক Harry Brook। তাকে সহায়তা করেন স্যাম কারান ও উইল জ্যাকস। ১৬ রান করে আউট হন কারান। তবে ব্রুক ছিলেন দুর্দান্ত। মাত্র ৫০ বলে তুলে নেন সেঞ্চুরি। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ১০০ রান করে আউট হলেও দলকে জয়ের খুব কাছে পৌঁছে দেন তিনি।
উইল জ্যাকস ২৮ রান করেন। জেমি ওভারটন শূন্য, লিয়াম ডুসন ১ ও জোফরা আর্চার ৫ রান যোগ করেন। শেষদিকে প্রয়োজনীয় রান তুলে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদেরও। ইনিংসের তৃতীয় ওভারে জোফরা আর্চারের বলে ৭ রান করে আউট হন সাইম আইয়ুব। অধিনায়ক সালমান ফেরেন ৫ রান করে।
তৃতীয় উইকেটে জুটি গড়ে চাপ সামাল দেন সাহিবজাদা ফারহান ও বাবর আজম। ২৪ বলে ২৫ রান করে আউট হন বাবর। অন্যদিকে ফিফটি তুলে নেন ফারহান। ৪৫ বলে ৬৩ রানের ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।
পরবর্তী ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও দলীয় সংগ্রহ বাড়ান ফখর জামান ও শাদাব খান। ফখর ১৬ বলে ২৫ এবং শাদাব ২৩ রান করেন। এছাড়া উসমান খান ৮, মোহাম্মদ নেওয়াজ শূন্য, শাহিন আফ্রিদি ২ ও সালমান মির্জা ২ রান করেন।
ইংল্যান্ডের হয়ে লিয়াম ডুসন নেন সর্বোচ্চ তিনটি উইকেট। জোফরা আর্চার ও জেমি ওভারটন নেন দুটি করে উইকেট। তবে ম্যাচের নায়ক নিঃসন্দেহে ব্রুক, যার সেঞ্চুরিতেই সেমিফাইনালের পথ মসৃণ হলো ইংল্যান্ডের।
আকাশজমিন / আরআর