ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

এক বছর বিশ্রামে থাকতে হবে অভিনেতা ফজলুর রহমান বাবুকে


এক বছর বিশ্রামে থাকতে হবে অভিনেতা ফজলুর রহমান বাবুকে

  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ মার্চ, ২০২৬ সময় : ৯:০২ পিএম

ওপেন হার্ট সার্জারির পর দীর্ঘ এক বছরের বিশ্রামে থাকতে হবে জনপ্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবুকে। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী কাজী রোকসানা রমা।

কাজী রোকসানা রমা জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ ফজলুর রহমান বাবুকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। তবে তাঁকে অন্তত এক বছর সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। নিয়মিত ফলোআপ, ওষুধ এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।

রমা বলেন, ‘১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করেন বাবু। সঙ্গে সঙ্গে আমরা ধানমন্ডির একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারি, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় পরের দিন আরেকটি হাসপাতালে এনজিওগ্রাম করা হয়। তখন চিকিৎসকেরা জানান, দ্রুত ওপেন হার্ট সার্জারি করা ছাড়া বিকল্প নেই। পরে ২৩ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। আল্লাহর রহমতে তিনি এখন অনেকটাই ভালো আছেন।’

হৃদরোগজনিত জটিলতার কারণে অস্ত্রোপচারটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকেরা জানিয়েছেন, পরবর্তী এক বছর তাঁকে মানসিক চাপ ও শারীরিক পরিশ্রম থেকে দূরে থাকতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাপনে পরিবর্তন আনাই এখন প্রধান লক্ষ্য।

দীর্ঘদিন ধরেই নাটক, সিনেমা ও সংগীতাঙ্গনে সমান জনপ্রিয় ফজলুর রহমান বাবু। চরিত্রাভিনেতা হিসেবে তাঁর স্বতন্ত্র অভিনয়শৈলী দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় তাঁর অভিনয় আলোচিত হয়। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন নাটকেও তিনি নিয়মিত অভিনয় করে আসছিলেন।

অভিনয়জগতে তাঁর দীর্ঘ পথচলায় রয়েছে বহু দর্শকপ্রিয় কাজ। নাট্যাঙ্গন থেকে শুরু করে বড় পর্দা—সবখানেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তবে সাম্প্রতিক এই শারীরিক জটিলতার কারণে আপাতত সব ধরনের শুটিং ও পেশাগত ব্যস্ততা থেকে দূরে থাকতে হবে তাঁকে।

পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। কাজী রোকসানা রমা বলেন, ‘তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন, যেন পুরোপুরি সুস্থ হয়ে আবার কাজের জগতে ফিরতে পারেন।’

চিকিৎসকেরা জানিয়েছেন, ওপেন হার্ট সার্জারির পর সুস্থ হতে সময় লাগে এবং রোগীর মানসিক শক্তিও বড় ভূমিকা রাখে। পরিবার, সহকর্মী ও ভক্তদের সমর্থন তাঁর দ্রুত আরোগ্যে সহায়ক হবে বলে মনে করছেন স্বজনেরা।

এখন সম্পূর্ণ বিশ্রাম ও সুস্থ জীবনযাপনের মধ্য দিয়েই সময় কাটাতে হবে এই অভিনেতাকে। ভক্তরা অপেক্ষায় রয়েছেন, কবে আবার পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় শিল্পীকে।


এ সম্পর্কিত আরো খবর