জামালপুরের সরিষাবাড়ীতে শতাধিক দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জাস ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী ও নতুন পোশাক। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে দরিদ্র পরিবারগুলোও উৎসবের আনন্দে শামিল হতে পারে।
জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জাস ফাউন্ডেশন প্রতি বছর নিয়মিতভাবে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। খাদ্যসামগ্রী বিতরণ, ঈদ উপহার প্রদান, নতুন কাপড় ও মাংস বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার, চর পোগলদিঘা এবং পাশ্ববর্তী কাজিপুর উপজেলার পশ্চিম ছালাল ও ফুরকুনির মোড়ে একাধিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপহারসামগ্রীর মধ্যে ছিল নতুন শাড়ি, থ্রি-পিস এবং খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ ও চিনি। এসব সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য বড় স্বস্তি বয়ে আনে এবং উৎসব উদযাপনে সহায়ক হয়।
আয়োজকরা জানান, সমাজের বিত্তবানদের সহযোগিতা ও সংগঠনের নিজস্ব তহবিল থেকে এসব উপহার সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন জাস ফাউন্ডেশনের সভাপতি মোছাঃ তানজিলা সুলতানা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য নুরুল ইসলাম, শাহাদত হোসেন মিলন, আবু তাহের ও কামরুল হাসান প্রমুখ। তারা বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয়রা জানান, জাস ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করে। ঈদকে ঘিরে দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে সংগঠনটির এ প্রচেষ্টা প্রশংসনীয়।