হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৬) নামে হত্যা মামলার এক বন্দির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি কারাগারে প্রেরিত হন।
কারাগার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে তিনি কারাগারের বাথরুমে হঠাৎ পড়ে যান। এ সময় কর্তব্যরত কারা চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
তার অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে নিহত রাসেল মিয়া একটি আলোচিত হত্যা মামলার আসামি ছিলেন। গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়াকে কয়েকজন ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় এমরুল মিয়া মারা যান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন (৮ নভেম্বর) নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম রুশেল বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাসেল মিয়াসহ মোট সাতজনকে আসামি করা হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করে এবং চলতি বছরের ৫ জানুয়ারি তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালেই তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।