ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ১৬ মার্চ, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। মানুষের আয়-রোজগার বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে যে ব্যক্তি মাসে পাঁচ হাজার টাকা আয় করে, আমরা চাই আগামী দুই থেকে চার বছরের মধ্যে তার আয় পাঁচ থেকে দশ হাজার টাকায় পৌঁছাক। আবার যে ব্যক্তি দুই হাজার টাকা আয় করে, এমন নীতি গ্রহণ করতে চাই যার মাধ্যমে তার আয়ও আগামী দুই থেকে চার বছরের মধ্যে দ্বিগুণ হবে। এটাই আমাদের রাজনীতির লক্ষ্য। এটাই শহীদ জিয়ার রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি এবং এটাই আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।

তিনি বলেন, আমরা যারা বিএনপি করি, আমরা এমন একটি দলের রাজনীতি করি যার লক্ষ্য মানুষের উপকার করা এবং এমন কাজ করা যাতে মানুষ উপকৃত হয় ও সন্তুষ্ট থাকে।

সমাবেশে তিনি জানান, সাহাপাড়া খালের পুনঃখনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খালের কাজ শেষ হলে প্রায় ৩১ হাজার কৃষক পানির সুবিধা পাবেন এবং প্রায় ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবে এবং বর্তমানে যে উৎপাদন হচ্ছে তার তুলনায় প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন সম্ভব হবে।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেশের মানুষের সামনে আমরা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা বলেছিলাম, বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের বেশিরভাগই গ্রামে বাস করে এবং তাদের প্রধান পেশা কৃষি। কৃষি যদি বাঁচে এবং কৃষক যদি ভালো থাকে, তাহলে দেশের মানুষও ভালো থাকবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা কৃষকদের সেই ঋণ মওকুফের ব্যবস্থা করেছি।

খাল খননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অধিকাংশ খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমেও অনেক এলাকায় পানির সংকট দেখা দেয় এবং চাষাবাদ ব্যাহত হয়। তাই বর্ষার পানিকে সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এতে একদিকে কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে উজানের পানি এসে হঠাৎ করে বন্যা সৃষ্টি করার ঝুঁকিও কমবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু খাল খননই নয়, খালের দুই পাশে প্রায় সাত হাজার গাছ লাগানো হবে এবং মানুষের চলাচলের জন্য রাস্তার ব্যবস্থাও করা হবে। বর্তমানে নদী-খালে পানি কমে যাওয়ায় ডিপ টিউবওয়েলের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলতে হচ্ছে। আগে যেখানে ৫০ ফুট খুঁড়লেই পানি পাওয়া যেত, এখন অনেক জায়গায় ৩০০ ফুট পর্যন্ত যেতে হয়। তাই ভূ-পৃষ্ঠের পানিকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, নির্বাচনের আগে আমরা দেশের চার কোটি পরিবারের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা বলেছিলাম। সেই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় ৩৭ হাজার মা-বোনের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর বিষয়েও তিনি বলেন, আগামী মাস থেকে এর পাইলট প্রকল্প শুরু করা হবে, যাতে ছোট ও প্রান্তিক কৃষকেরা বিভিন্ন সরকারি সুবিধা সহজে পেতে পারেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর