ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ


  • আপলোড সময় : শনিবার ২৮ মার্চ, ২০২৬ সময় : ৯:৪০ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও ভেকু (এস্কেভেটর) ব্যবহার করে দ্রুত কাজ সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। একই সঙ্গে প্রকল্পের বরাদ্দকৃত খাদ্যশস্য (চাল) উত্তোলন করে তা বিক্রি করার অভিযোগও উঠেছে প্রকল্প সভাপতির বিরুদ্ধে।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাবিখা প্রকল্পের আওতায় তিন হাজার ফুট রাস্তা নির্মাণের জন্য সোয়া সাত মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। চান্দখালী গ্রামের কড়ইতলা ভারানি খালের মোহনার স্লুইসগেট থেকে মোতাহার মৃধার কালভার্ট পর্যন্ত এই রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ইউপি সদস্য মোঃ ইব্রাহিম খানকে, যিনি প্রকল্প সভাপতির দায়িত্ব পালন করছেন।

সরকারি পরিপত্র অনুযায়ী, এ ধরনের প্রকল্পে শ্রমিক দিয়ে কাজ সম্পন্ন করার কথা থাকলেও অভিযোগ উঠেছে, প্রকল্প সভাপতি মো. ইব্রাহিম খাঁন তার ভগ্নিপতি নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন টিপু মৃধার মাধ্যমে ভেকু দিয়ে কাজ করাচ্ছেন। এতে এলাকার দরিদ্র শ্রমিকরা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান তালুকদার, দুলাল তালুকদার, খলিল আকন, মাসুম শরীফ ও আমির হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের এলাকার ভালো রাস্তা কেটে নিচ থেকে মাটি তুলে উপরে দেওয়া হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই রাস্তা ধসে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দরিদ্র মানুষের কাজের সুযোগ নষ্ট করা হয়েছে।’ তারা আরও অভিযোগ করেন, প্রকল্পের প্রথম কিস্তির ৩ দশমিক ৩২৫ মেট্রিক টন চাল উত্তোলন করে তা স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ দিয়ে ভেকু মালিকের সঙ্গে চুক্তি করে কাজ করা হয়েছে।

এ বিষয়ে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন টিপু মৃধা বলেন, ‘ইউপি সদস্য ইব্রাহিম খাঁনের সঙ্গে চুক্তি অনুযায়ী আমি কাজ করছি।’

অন্যদিকে প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য মো. ইব্রাহিম খাঁন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি প্রথম কিস্তির চাল উত্তোলন করে বিক্রি করেছি এবং সেই টাকায় ভেকু দিয়ে কাজ করছি।’ তিনি আরও দাবি করেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর থেকেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কমিশন দিয়ে ভেকুর মাধ্যমে কাজ করে আসছি। নতুন কোনো নিয়ম হয়েছে কিনা তা আমার জানা নেই।’

পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমিন মুন্সী বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি ভেকু দিয়ে কাজ করা হয়ে থাকে, তাহলে শ্রমিক দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হবে।’

তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম তার সঙ্গে প্রকল্প সভাপতির যোগসাজশ ও কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে।’

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, ‘কাবিখা প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর