ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি

ভালুকায় নির্ধারিত বাসস্ট্যান্ড না থাকায় সড়কে যাত্রী ওঠানামা


  • আপলোড সময় : রবিবার ২৯ মার্চ, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে।

সরেজমিনে দেখা গেছে, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান ও যাত্রী ছাউনি থাকলেও অধিকাংশ বাস ও যানবাহন সেখানে থামছে না। বরং ভালুকার জিরো পয়েন্টকে অঘোষিত স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে গফরগাঁও থেকে আসা যানবাহন মহাসড়কে উঠতে বাধাগ্রস্ত হচ্ছে, আর ঢাকাগামী বাসগুলো পড়ছে দীর্ঘ যানজটে।

মহাসড়কের বিপরীত পাশে ময়মনসিংহগামী সড়কেও একই চিত্র দেখা যায়। ভালুকা বাজারমুখী ও অন্যান্য যানবাহন একই রুট ব্যবহার করায় নিয়মিত জট সৃষ্টি হচ্ছে। পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের একই স্থানে মালামাল ওঠানামা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

স্থানীয় বাসচালক আবু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ভালুকা বাসস্ট্যান্ডে গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় মহাসড়কের পাশেই যাত্রী ওঠানামা করাতে হচ্ছে। দূরপাল্লার ট্রাকচালকদের জন্যও বিকল্প কোনো পার্কিং বা বিশ্রামস্থল নেই।

যাত্রী হাবিব আহম্মেদ জানান, ভালুকা থেকে ময়মনসিংহগামী যাত্রীদের মহাসড়কে দাঁড়িয়ে বাসে উঠতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিয়মিত যাতায়াতকারী চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, দ্রুত একটি কার্যকর বাসস্ট্যান্ড নির্মাণ ও এর ব্যবহার নিশ্চিত করা জরুরি।

ভালুকার পূর্ব অংশে যাত্রী ছাউনি থাকলেও সেখানে বাস না থামায় যাত্রীরা সুবিধা পাচ্ছেন না।


ভালুকা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান পাঠান জগলু বলেন, যানজটের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে আইন প্রয়োগে শৈথিল্য, মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত অটোরিকশা ও সিএনজির চলাচল। অধিকাংশ ট্রাক, লরি ও পিকআপের নিজস্ব গ্যারেজ না থাকায় সেগুলো সড়কেই দাঁড়িয়ে থাকে। তিনি জানান, মাল্টিস্টোরি পার্কিং ব্যবস্থা গড়ে তোলা, নির্ধারিত বাস চালু করা এবং বাসস্ট্যান্ডকে কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করা জরুরি।

ভালুকা ট্রাফিক জোনের টিআই পলাশ সাহা বলেন, নির্দিষ্ট স্থানে বাস থামাতে আমরা নিয়মিত চেষ্টা করছি। আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং বাসস্ট্যান্ডে নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, প্রশাসনের কঠোর নজরদারি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নির্ধারিত বাসস্ট্যান্ড ব্যবহারে বাধ্যবাধকতা নিশ্চিত করা না হলে ভালুকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান মিলবে না।


এ সম্পর্কিত আরো খবর