বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ (৪ এপ্রিল) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান। তিনি বলেন, "কালাইয়া ইউনিয়নের সম্মানিত জেলে ভাইদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে যে দুর্নীতির চিত্র প্রকাশিত হয়েছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। দ্রুতই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ড. মাসুদ আরও বলেন, "ভবিষ্যতে এ ধরনের অন্যায় ও অপরাধমূলক কার্যক্রম থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরত থাকতে হবে। অন্যথায়, অপরাধের সঙ্গে জড়িত সবাইকে যথাসময়ে আইনের আওতায় আনা হবে।" তিনি জনগণের অধিকার সংরক্ষণে তার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
জেলেদের অভিযোগ অনুসারে, সম্প্রতি ১৯২ বস্তা চাল আত্মসাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কালাইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার এবং ইউপি সচিব আবু বকর সিদ্দিকের নাম এসেছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ বলেন, "এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে।"
উল্লেখ্য, জেলেদের জন্য বরাদ্দকৃত চালের অনিয়মের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সরকারের সহায়তা ও সঠিক বরাদ্দ প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।
এ ধরনের দুর্নীতি প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে স্থানীয় জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে। বাউফলের সংসদ সদস্যের তৎপরতা স্থানীয় জনগণ প্রশংসা করেছেন।
ড. মাসুদ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তদন্ত সম্পন্ন হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে ভবিষ্যতে অনিয়ম ও দুর্নীতির পুনরাবৃত্তি রোধ হবে বলে আশা করা হচ্ছে।
আকাশজমিন / আরআর