ঢাকা টুডে ডেস্ক
দিনাজপুর শহরের নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন দিনাজপুর পৌর এলাকার সুইহারী আশ্রমপাড়া মহল্লার হরি সরকারের ছেলে তপন সরকার (৪৫) এবং তার স্ত্রী লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। দম্পতির দুটি সন্তান রয়েছে।
নিহতদের ছেলে তীব্র সরকার জানান, তিনি বাড়ির নিচতলার একটি কক্ষে থাকেন। তার বাবা-মা উপরের তলায় দুটি কক্ষের একটিতে থাকতেন। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে মর্ডান মোড়ে একটি পাম্পে যান। কিছুক্ষণ পরই বাড়ির পাশের একজন ফোন করে জানান, তাদের বাড়িতে আগুন লেগেছে।
তিনি দ্রুত ফিরে এসে দেখেন, বাড়িটি দাউদাউ করে জ্বলছে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তিনি ভেতরে যেতে পারেননি। পরে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর উপরের কক্ষে গিয়ে দেখা যায়, তপন সরকার ও লতা সরকার দুজনেই অগ্নিদগ্ধ হয়ে মেঝেতে পড়ে আছেন।
কান্নাজড়িত কণ্ঠে তীব্র সরকার বলেন, বাবা-মা দুজনেই আমাদের ছেড়ে চলে গেলেন—এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দিনাজপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে প্রকৃত কারণ।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন, অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
এদিকে এ ঘটনার পর এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রতিবেশীরা জানান, পরিবারটি ছিল শান্তিপূর্ণ ও সাধারণ জীবনযাপনকারী। হঠাৎ এমন দুর্ঘটনায় সবাই হতবাক হয়ে পড়েছেন।
স্থানীয়রা দ্রুত ফায়ার সেফটি ব্যবস্থা জোরদার ও গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।