বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই ইউনিয়নের ছয়জন ইউপি সদস্য লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন মোঃ রেদওয়ান সর্দার, খলিলুর রহমান, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ হাওলাদার, মনির গাজী এবং নারী সদস্য মাহামুদা আক্তার। তারা বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জানা গেছে, কড়াইবাড়িয়া ইউনিয়নে মোট ৭৬৫ জন নিবন্ধিত জেলে রয়েছেন। অভিযোগ অনুযায়ী, প্যানেল চেয়ারম্যান মোঃ ফজলুল হক বাচ্চু অতিরিক্ত ৭১ জন ভুয়া জেলের নাম যুক্ত করে তালিকা তৈরি করেন এবং তা উপজেলা নির্বাহী অফিসে জমা দেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী, জাটকা আহরণে বিরত থাকা প্রত্যেক জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে মানবিক সহায়তা ভিজিএফ চাল প্রদান করা হয়। সে হিসেবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রত্যেক জেলের জন্য মোট ৮০ কেজি করে চাল বরাদ্দ হয়।
অভিযোগে বলা হয়, তালতলী খাদ্যগুদাম থেকে মোট ৮৩৬ জন জেলের নামে ৬৬.৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয় এবং তা উত্তোলন করেন প্যানেল চেয়ারম্যান। তবে বাস্তবে ৭৬৫ জন জেলের মধ্যে ৬১.২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বাকি ৭১ জন ভুয়া জেলের নামে বরাদ্দকৃত ৫.৬৮০ মেট্রিক টন চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন ইউপি সদস্যরা।
ইউপি সদস্য মোঃ রেদওয়ান সর্দার বলেন, “আমাদের ইউনিয়নে প্রকৃত জেলে ৭৬৫ জন। অথচ অতিরিক্ত নাম যুক্ত করে চাল আত্মসাৎ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”
অন্যদিকে, অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মোঃ ফজলুল হক বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, “৮৩৬ জন জেলের নামে বরাদ্দকৃত চাল যথাযথভাবে উত্তোলন করে বিতরণ করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, যা আমার মানহানি করার জন্য করা হয়েছে।”
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ জেলেদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আকাশজমিন / আরআর