মানুষের পাশে দাঁড়ানো, জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর প্রস্তুতি এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ গনশার হাটে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘এলিট রক্তদান ফাউন্ডেশন, বাংলাদেশ’-এর সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা দিনব্যাপী এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিকে ঘিরে হাট এলাকায় তৈরি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।
স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ কার্যক্রমে অংশ নেয়। অনেকেই প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জেনে আনন্দ প্রকাশ করেন। দিনভর এ উদ্যোগে এলাকায় মানবিক সচেতনতার পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জেনে উপকৃত হয়েছেন। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং জরুরি পরিস্থিতিতে ঝুঁকি কমে আসবে।
এলিট রক্তদান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি মো. জিল্লুর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ শুধু রক্তের গ্রুপ জানার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের মধ্যে জরুরি স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এ সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে আরও কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এলিকো এগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ বলেন, মানুষের জরুরি মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটি হলো রক্তের গ্রুপ জানা। এ তথ্য আগে থেকেই জানা থাকলে অনেক সময় জীবন বাঁচানো সম্ভব হয়।
তিনি আরও বলেন, অনেকেই নিজের রক্তের গ্রুপ না জানার কারণে জরুরি অবস্থায় জটিলতার মুখে পড়েন। আগে থেকেই এ তথ্য জানা থাকলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।