ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সৈয়দপুর শহরে তীব্র যানজট, বাড়ছে জনভোগান্তি


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ মে, ২০২৬ সময় : ৩:৫৫ পিএম

 নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে যানজট সমস্যা। ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা, সড়কে অনিয়ন্ত্রিত ভারী যান চলাচল এবং ফুটপাত দখলের কারণে নগরজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।

শহরকে যানজটমুক্ত রাখতে কয়েক মাস আগে পৌর কর্তৃপক্ষ শহরের চারটি প্রবেশপথে ট্রাফিক কন্ট্রোলবার স্থাপন করে। দিনের বেলায় ভারী যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে রাখতে লাখ লাখ টাকা ব্যয়ে নেওয়া হয়েছিল এ উদ্যোগ। পৌর প্রশাসকের নির্দেশনায় দিনের বেলায় ভারী মোটরযান যাতে শহরের ভেতরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়।

তবে বাস্তবে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছে। নিয়ম অমান্য করে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান এমনকি দূরপাল্লার বাসও শহরের ভেতরে চলাচল করছে। এতে শহরের প্রধান সড়কগুলোতে প্রায় সারাদিনই যানজট লেগে থাকছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত উচ্চতার ট্রাকগুলো প্রায়ই কন্ট্রোলবারে ধাক্কা দিয়ে অবকাঠামোর ক্ষতি করছে। ফলে একদিকে যেমন পৌরসভার আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে যান নিয়ন্ত্রণ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে। ক্ষতিগ্রস্ত কন্ট্রোলবার বারবার সংস্কারে জনগণের করের টাকা ব্যয় হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, দিনাজপুর রোড, রেলওয়ে গেট ও পাঁচমাথা মোড়ে দিনের বেশিরভাগ সময় তীব্র যানজট দেখা যায়। বিশেষ করে দুপুর ও সন্ধ্যার ব্যস্ত সময়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সড়কের ওপর ট্রাক থেকে মালামাল ওঠানামা এবং যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখাকে যানজটের অন্যতম কারণ হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।

একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দায়িত্ব পালনের সময় অনেক ট্রাফিক সদস্যকে পুলিশ বক্সে বসে থাকতে দেখা যায়। মাঠপর্যায়ে তদারকি কম থাকায় চালকরা সহজেই ট্রাফিক আইন অমান্য করছেন। ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।

স্থানীয়দের মতে, ট্রাফিক বিভাগ কঠোরভাবে দায়িত্ব পালন করলে এবং ফুটপাত হকারমুক্ত করা গেলে শহরের অন্তত অর্ধেক যানজট কমে আসবে। পাশাপাশি ভারী যানবাহনের জন্য বিকল্প রুট নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহফুজ ইসলাম বলেন, নিষেধাজ্ঞা থাকলেও অনেক সময় ভারী যানবাহন গোপনে শহরে প্রবেশ করে। আটক করতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। তবে ট্রাফিক কন্ট্রোলবার আরও শক্তিশালী করা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, শহরে যানজট নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর