জামালপুর পৌর এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে চলা জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ রোববার সকালে শহরের বিসিক শিল্পনগরী নতুন বাইপাস মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরে সকাল ১১টা ১০ মিনিট থেকে তারা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শামীম আহাম্মেদ, ইসমাইল হোসেন ও ওমর ফারুকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৯ বছর ধরে পৌর শহরের দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক শিল্পনগরী এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই এলাকাগুলো তলিয়ে যায়, ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কয়েকশ একর ফসলি জমি এবং বসতবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বিক্ষোভকারীরা দ্রুত স্থায়ীভাবে এই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া এবং জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
আকাশজমিন /
আরআর