আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মামুন এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সগির হোসেন।
এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সিকদার, মোঃ নাশির উদ্দিন দফাদার, আলমগীর হোসেন ও জাফর হাওলাদার।
রবিবার বিকেলে তালতলী উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন আমতলী উপজেলা সমবায় অফিসার মোঃ আজাদুর রহমান। এসময় তালতলী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার কমল হাওলাদার এবং সরেজমিন তদন্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সঞ্জিব চন্দ্র শাহা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সদস্যরা বলেন, সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনার মাধ্যমে সদস্যদের কল্যাণে কাজ করা হবে। একই সঙ্গে কৃষক ও সাধারণ সদস্যদের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।
স্থানীয়দের মতে, তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি দীর্ঘদিন ধরে এলাকার কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।